Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ইসরায়েলের নির্বাচনে আসন কমেছে নেতানিয়াহুর, সরকার গঠনের সুযোগ দেখছেন না লাপিদ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ এএম

ইসরায়েলের নির্বাচনে আসন কমেছে নেতানিয়াহুর, সরকার গঠনের সুযোগ দেখছেন না লাপিদ

বিজ্ঞাপন

ইসরায়েলের সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচনে কোনো জোটই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ১২০ আসনের নেসেটে (ইসরায়েলের পার্লামেন্ট) সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পেতে ব্যর্থ হয়েছে প্রধান দুই রাজনৈতিক শিবির।

সর্বশেষ ভোট গণনা শেষে ইসরায়েলি সরকারি সম্প্রচারমাধ্যম ‘কান’ জানিয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ জোট ৫৩টি, বিরোধী ‘চেঞ্জ’ বা পরিবর্তন জোট ৪৮টি এবং আরব দলগুলো ১৯টি আসন পেয়েছে। আগামী ৪ নভেম্বর চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগের কাছে হস্তান্তরের কথা রয়েছে।

এই জটিল রাজনৈতিক পরিস্থিতির মাঝেই বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ মন্তব্য করেছেন যে, নেতানিয়াহুর সামনে নতুন করে সরকার গঠনের আর কোনো সুযোগ অবশিষ্ট নেই।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইয়াইর লাপিদ নেতানিয়াহুর জোটের পাওয়া ৫৩টি আসনের দিকে ইঙ্গিত করে বলেন, শত চেষ্টা করলেও তার পক্ষে এবার সরকার গঠন করা সম্ভব নয়। বিদায়ী নেসেটে লিকুদ জোটের ৬৮টি আসন থাকার বিষয়টি উল্লেখ করে লাপিদ বর্তমান ফলাফলকে নেতানিয়াহুর জন্য এক বড় বিপর্যয় হিসেবে আখ্যায়িত করেছেন।

১৯৯৯ সালের পর এবারের নির্বাচনে সর্বোচ্চ ৭৭.৭ শতাংশ ভোটারের উপস্থিতিকে বিরোধী জোটের জন্য ‘পয়েন্টের ভিত্তিতে জয়’ বা সামান্য ব্যবধানের জয় হিসেবে দেখছেন তিনি। তবে সরকার গঠনের পথ যে বেশ কঠিন, তা স্বীকার করে তিনি সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। লাপিদ জানান, নির্বাচনী প্রচারণার চেয়ে জোট গঠনের আলোচনা সম্পূর্ণ ভিন্ন, যা ক্যামেরার আড়ালে ধীরগতিতে সম্পন্ন হয়।

এদিকে নতুন সরকার গঠন নিয়ে দলগুলোর মধ্যে জোর তৎপরতা শুরু হয়েছে। ডানপন্থী সরকার টিকিয়ে রাখতে এবং আরব দলগুলোর সমর্থনে সম্ভাব্য ‘বামপন্থী সরকার’ ঠেকাতে কট্টর ডানপন্থী জিউইশ পাওয়ার দলের নেতা ইতামার বেন-গভির এরই মধ্যে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন।

অন্যদিকে বিকল্প সরকার গঠনের লক্ষ্যে ডেমোক্র্যাটস দলের নেতা ইয়ার গোলান আরব দলগুলোর সঙ্গে কাজ করার জন্য বিরোধী জোটের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি ইউনাইটেড আরব লিস্টের (রা’আম) শীর্ষ নেতা মানসুর আব্বাসের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। বিরোধী জোট ও আরব দলগুলোর সম্মিলিত আসন সংখ্যা ৬৭টি, যা সরকার গঠনের জন্য যথেষ্ট। তবে আরব দলগুলোকে জোটে অন্তর্ভুক্ত করার বিষয়ে ইসরায়েল বেইতেইনু দলের নেতা আভিগদোর লিবারম্যানের কড়া বিরোধিতাসহ বিরোধী নেতাদের মধ্যকার অভ্যন্তরীণ মতপার্থক্য নেতানিয়াহু-বিহীন সরকার গঠনের পথে বর্তমানে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার