Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে লড়ছেন ৫১ মুসলিম আমেরিকান, কংগ্রেসে প্রার্থী ১১ জন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৬:০৯ এএম

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে লড়ছেন ৫১ মুসলিম আমেরিকান, কংগ্রেসে প্রার্থী ১১ জন

বিজ্ঞাপন

আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে মুসলিম আমেরিকানদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। কংগ্রেসনাল, অঙ্গরাজ্য এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন পদে ডজনখানেক মুসলিম আমেরিকান প্রার্থী এবার ব্যালটে লড়াই করছেন। প্রার্থীদের বিজয়ী করতে এবং ভোটারদের ভোটকেন্দ্রে টানতে বিভিন্ন কমিউনিটি সংগঠনও জোরালোভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

মুসলিম নেটওয়ার্ক টিভির (এমএনটিভি) তথ্যমতে, এবারের নির্বাচনে অন্তত ৫১ জন মুসলিম আমেরিকান ব্যালটে রয়েছেন, যার মধ্যে ১১ জন লড়ছেন কংগ্রেসের জন্য। মিশিগান থেকে ডেমোক্রেটিক পার্টির হয়ে লড়ছেন আবদুল এল-সায়েদ; তিনি নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে ইতিহাস গড়বেন।

এছাড়া আরও বেশ কয়েকটি পদে মুসলিম প্রার্থীদের প্রথম হিসেবে নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদের মধ্যে নিউজার্সির প্রথম মুসলিম কংগ্রেস সদস্য হিসেবে অ্যাডাম হামাউই, নিউইয়র্কের স্টেট লেজিসলেচারে প্রথম ফিলিস্তিনি-আমেরিকান হিসেবে আবীর কাওয়াস এবং টেক্সাস তথা আমেরিকান সাউথের প্রথম মুসলিম কাউন্টি এক্সিকিউটিভ হিসেবে লেটিশিয়া প্লামার নির্বাচিত হওয়ার দৌড়ে রয়েছেন। এর বাইরেও মুসলিম কমিউনিটিতে পরিচিত নামের আরও প্রায় ৫০ জন প্রার্থীর কথা জানা গেছে, তবে তাদের অংশগ্রহণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (কেয়ার)-এর হিসাব অনুযায়ী, বর্তমানে দেশজুড়ে ২২৫ জন মুসলিম আমেরিকান নির্বাচিত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনটি গত আগস্টে 'মুসলিমস.ভোট' (Muslims.Vote) নামে একটি নির্দলীয় প্রচারণা শুরু করেছে, যার মাধ্যমে ভোটার নিবন্ধন ও ভোটাধিকার প্রয়োগে সহায়তা দেওয়া হচ্ছে।

এবারের নির্বাচনী চক্রে ২০ লাখ নতুন মুসলিম ভোটার নিবন্ধনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সংগঠনটি। তারা ধারণা করছে, ১২টি অঙ্গরাজ্যের প্রায় ২৫ লাখ নিবন্ধিত মুসলিম ভোটার কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। উল্লেখ্য, মিশিগানের আগস্ট প্রাইমারির আগে কেয়ার ৪৮ হাজারেরও বেশি মুসলিম ভোটারের কাছে 'রোবোকল' প্রচারণার মাধ্যমে পৌঁছাতে সক্ষম হয়েছিল।

মাঠপর্যায়ের সংগঠকদের মতে, ভোটারদের অগ্রাধিকারের জায়গাগুলোতে নানা ভিন্নতা রয়েছে। চলতি মাসে ওহাইওর কলম্বাসে অনুষ্ঠিত একটি সমাবেশে অংশগ্রহণকারীরা গাজা যুদ্ধ, অভিবাসন নীতি এবং বাকস্বাধীনতার মতো বিষয়গুলোকে তাদের প্রধান উদ্বেগের কারণ হিসেবে চিহ্নিত করেছেন। পাশাপাশি ভোট দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতার কথাও উঠে এসেছে; যার মধ্যে ভোটকেন্দ্রের কাছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি, যাতায়াত সমস্যা, আইডি সংক্রান্ত কড়াকড়ি এবং ভোটার নিবন্ধনের সময়সীমার বিষয়টি অন্যতম।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার