বিজ্ঞাপন
৫০ বছর ধরে পানি পান করেন না ওয়ারেন বাফেট, তৃষ্ণা মেটান যে পানীয় দিয়ে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৬:০৮ এএম
বিজ্ঞাপন
প্রখ্যাত মার্কিন ধনকুবের এবং বিনিয়োগকারী ওয়ারেন বাফেট গত ৫০ বছর ধরে এক গ্লাস সাধারণ পানিও পান করেননি! সম্প্রতি ‘ইক্যুইটি মেটস ইনভেস্টিং’ (Equity Mates Investing) পডকাস্টের একটি পর্বে অংশ নিয়ে আরেক বিলিয়নিয়ার হেজ ফান্ড ম্যানেজার বিল অ্যাকম্যান এই বিস্ময়কর তথ্য প্রকাশ করেছেন।
অ্যাকম্যান জানান, ৯৬ বছর বয়সী এই কিংবদন্তি ব্যবসায়ী একবার তাকে জানিয়েছিলেন যে, ১৯৭০-এর দশকের পর থেকে তিনি আর কখনো পানি পান করেননি। দীর্ঘ এই সময়ে পানি ছাড়াই সম্পূর্ণ ভিন্ন এক পানীয়ের ওপর নির্ভর করে চলছেন তিনি।
অ্যাকম্যান তার স্মৃতিচারণ করে বলেন, বেশ কয়েক বছর আগে ওয়ারেন বাফেট একবার তার বাড়িতে রাতের খাবার খেতে এসেছিলেন। বাফেটের খাদ্যাভ্যাস সম্পর্কে আগে থেকেই ধারণা থাকায় অ্যাকম্যান তার রেফ্রিজারেটর এই কিংবদন্তি বিনিয়োগকারীর প্রিয় পানীয় ‘চেরি কোক’ (Cherry Coke) দিয়ে ভরিয়ে রেখেছিলেন।
কারণ, সাধারণ পানির বদলে এই চেরি কোকই বাফেটের তৃষ্ণা মেটানোর একমাত্র উপায়। দীর্ঘ পাঁচ দশক ধরে সাধারণ পানি এড়িয়ে কেবল কোমল পানীয়ের ওপর নির্ভর করে ৯৬ বছর বয়সেও তার এমন সুস্থ ও কর্মক্ষম থাকার বিষয়টি অনেকের কাছেই রীতিমতো অবিশ্বাস্য এক ব্যাপার।