Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

সংশয়ের মধ্যেই নেতানিয়াহুর জোট ছাড়ছে ইউটিজে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পিএম

সংশয়ের মধ্যেই নেতানিয়াহুর জোট ছাড়ছে ইউটিজে

বিজ্ঞাপন

ইসরায়েলের ইহুদি দল ইউনাইটেড তোরাহ জুদাইজম (ইউটিজে) বিরোধী নেতা গাদি আইজেনকটের জোটকে সমর্থনের কথা বিবেচনা করছে। তবে দলটি আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দেবে না। বরং বিভিন্ন সংসদীয় ভোটে বিরত থেকে সরকারকে টিকিয়ে রাখতে সহায়তা করতে পারে।

এমন সিদ্ধান্ত কার্যকর হলে বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ইউটিজের দীর্ঘদিনের রাজনৈতিক জোটে বড় ধরনের পরিবর্তন আসবে। প্রস্তাবিত ব্যবস্থায় দলটি আইজেনকটের জোটের বাইরে থাকলেও সরকার বা তার আনা কোনো বিলের বিপক্ষে ভোট দেবে না। ভোটদানে বিরত থেকে সরকারকে টিকিয়ে রাখতে সহায়তা করবে।

ইউটিজের সাতটি আসন নেতানিয়াহুর জোট থেকে সরে গেলে তার জোটের আসনসংখ্যা ৪৬-এ নেমে আসবে। অন্যদিকে আইজেনকটের জোটের আসন থাকবে ৪৮টি। এ ছাড়া আইজেনকট সংসদে আট আসন পাওয়া ইসলামপন্থী দল রা'আমের সমর্থনও চাইতে পারেন।

নেতানিয়াহুর ওপর ক্ষোভ থেকেই ইউটিজে এ অবস্থান পরিবর্তনের কথা ভাবছে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে দলটি ইয়েশিভা শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক চাকরি থেকে অব্যাহতি দেওয়ার আইন পাসের দাবি জানিয়ে আসছে। কিন্তু নেতানিয়াহু সেই আইন পাস করতে পারেননি।

ইউটিজের এক সূত্র বলেন, ‘নেতানিয়াহুর কাছ থেকে আমাদের আর কিছু পাওয়ার নেই। তার সঙ্গে আমাদের জোটের মেয়াদ শেষ হয়েছে, বিশেষ করে এখন তার হাতে ৬১টি আসনও নেই। সংসদে আবারও সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ শক্তি হয়ে ওঠাই আমাদের স্বার্থ।’

দলটির আরেক কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করে বলেন, জাতীয় ঐক্যের সরকার গঠিত হলে ইউটিজে বিরোধী দলে পড়ে যেতে পারে। তার ভাষায়, ‘ঐক্যের সরকার গঠিত হলে বিরোধী দলের মরুভূমিতে আমাদের পড়ে থাকার আশঙ্কা আছে। আমাদের এই উদ্দেশ্যে নির্বাচিত করা হয়নি।’

তবে আইজেনকটের সঙ্গে সমঝোতার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিষয়টি। অতি-রক্ষণশীল ইহুদি দলগুলো হেরেদি পুরুষদের সামরিক চাকরি থেকে সামগ্রিক অব্যাহতি চায়। কিন্তু আইজেনকট এ ধরনের অব্যাহতির ঘোর বিরোধী।

গত ২৭ অক্টোবরের নির্বাচনের আগে ইউটিজের নেতা ইয়াকভ আশের দলটিকে আগের রাজনৈতিক জোটগুলো থেকে দূরে রাখার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘আমরা এখন কোনো জোটের ভিত্তিতে কথা বলছি না। আমাদের কাছে একটিই জোট, সেটি হলো আমাদের নিজেদের তোরাহ জোট।’

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার