বিজ্ঞাপন
কলেজে ভর্তির আবেদনে লাগবে না কোনো ফি, নিউইয়র্কে সুযোগ পাচ্ছেন হাজারো শিক্ষার্থী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পিএম
বিজ্ঞাপন
নিউইয়র্কে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ তৈরি হয়েছে। অঙ্গরাজ্যের ১৩০টিরও বেশি কলেজ ও বিশ্ববিদ্যালয় ২০২৬ সালের অক্টোবর ও নভেম্বর মাসে নির্দিষ্ট সময়ের জন্য ভর্তি আবেদনের ফি মওকুফ করছে। ফলে যোগ্য শিক্ষার্থীরা আবেদন ফি ছাড়াই পছন্দের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবেন।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকুল গত ১৩ অক্টোবর ২০২৬ সালের ‘কলেজ অ্যাপ্লিকেশন ইনিশিয়েটিভ’ কর্মসূচির ঘোষণা দেন। এ উদ্যোগের আওতায় এবার অক্টোবর ও নভেম্বর—দুই মাসজুড়ে শিক্ষার্থীদের আবেদন করার সুযোগ রাখা হয়েছে। আগে কর্মসূচিটি মূলত এক মাসের মধ্যে সীমাবদ্ধ ছিল। শিক্ষার্থীদের পর্যাপ্ত সময় দেওয়া এবং উচ্চশিক্ষায় প্রবেশের আর্থিক বাধা কমানোই সময় বাড়ানোর অন্যতম উদ্দেশ্য।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের উচ্চশিক্ষা সেবা করপোরেশনের নেতৃত্বে সানি বিশ্ববিদ্যালয় ব্যবস্থা, সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক, অঙ্গরাজ্যের শিক্ষা বিভাগ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন সংগঠন যৌথভাবে কর্মসূচিটি পরিচালনা করছে। এ বছর নিউইয়র্কের ৭০০টিরও বেশি উচ্চবিদ্যালয় কর্মসূচিতে অংশ নিচ্ছে।
শিক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সুযোগটি এসেছে সানি বিশ্ববিদ্যালয় ব্যবস্থা থেকে। ১৯ অক্টোবর থেকে শুরু হওয়া বিনা আবেদন ফিতে ভর্তির আবেদন কার্যক্রম চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত।
এই সময়ের মধ্যে একজন যোগ্য শিক্ষার্থী সানি বিশ্ববিদ্যালয় ব্যবস্থার সর্বোচ্চ পাঁচটি ক্যাম্পাসে বিনা আবেদন ফিতে আবেদন করতে পারবেন।
আবেদন করার জন্য দুটি পদ্ধতি রয়েছে। প্রথমটি হলো সানির নিজস্ব আবেদন পদ্ধতি এবং দ্বিতীয়টি হলো কমন অ্যাপ। সানির নিজস্ব পদ্ধতিতে আবেদন করলে প্রথম পাঁচটি ক্যাম্পাসের আবেদন ফি স্বয়ংক্রিয়ভাবে মওকুফ হবে। কমন অ্যাপ ব্যবহারকারীদের প্রতিটি ক্যাম্পাসের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে এবং ফি মওকুফের প্রশ্নে সম্মতিসূচক উত্তর দিতে হবে।
নিউইয়র্কের আরেকটি বড় সরকারি উচ্চশিক্ষা ব্যবস্থা সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কেও আবেদন ফি ছাড়ের সুযোগ রয়েছে।নিউইয়র্ক সিটির সরকারি বিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থীরা ১৫ সেপ্টেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত এই সুবিধা পাবেন। অন্যদিকে নিউইয়র্ক অঙ্গরাজ্যের অন্যান্য সরকারি ও বেসরকারি উচ্চবিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থীদের জন্য সময় নির্ধারণ করা হয়েছে ১৫ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত।
অর্থাৎ সানি বিশ্ববিদ্যালয়ের আবেদনের সময়সীমা শেষ হয়ে গেলেও যোগ্য শিক্ষার্থীদের জন্য সিটি ইউনিভার্সিটিতে আবেদন করার সুযোগ আরও দুই সপ্তাহ থাকবে। এই কর্মসূচির মূল লক্ষ্য নিউইয়র্ক অঙ্গরাজ্যের উচ্চবিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থীরা। বিশেষ করে যেসব শিক্ষার্থী আর্থিক সীমাবদ্ধতার কারণে একাধিক কলেজে আবেদন করতে দ্বিধায় থাকেন, তাঁদের উৎসাহিত করা হচ্ছে।
কর্মসূচিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে—
নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীদের।পরিবারের মধ্যে প্রথমবার কলেজে পড়তে যাচ্ছেন এমন শিক্ষার্থীদের।
উচ্চশিক্ষায় যেতে আগ্রহী নিউইয়র্কের উচ্চবিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থীদের।
আর্থিক বাধার কারণে কলেজে আবেদন করতে পিছিয়ে থাকা তরুণদের।
তবে বাংলাদেশের শিক্ষার্থী কিংবা নিউইয়র্কের বাইরে বসবাসকারী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এই সুবিধা স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য নয়। তাঁদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আন্তর্জাতিক ভর্তি ও আবেদন ফি মওকুফের নিয়ম অনুসরণ করতে হবে।