Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

‘সরকার পরিবর্তনের’ আন্দোলন করলে মিলবে না সরকারি চাকরি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পিএম

‘সরকার পরিবর্তনের’ আন্দোলন করলে মিলবে না সরকারি চাকরি

বিজ্ঞাপন

ভারতের উত্তর প্রদেশে ‘সহিংসভাবে সরকার পরিবর্তনের’ আন্দোলনে যোগ দেওয়া ব্যক্তিদের সরকারি চাকরিতে নিয়োগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সাম্প্রতিক এক বিক্ষোভে সরকার পরিবর্তনের ডাক দেওয়াকে কেন্দ্র করে চাকরি প্রার্থীদের যাচাইয়ের নিয়ম কঠোর করেছে যোগী আদিত্যনাথের সরকার। এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিরোধীদলগুলো।

দেশটির সরকারি আদেশে বলা হয়েছে, ‘সরকার পরিবর্তনের’ লক্ষ্যে সহিংস কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের সরকারি চাকরিতে নিয়োগের অযোগ্য বিবেচনা করা হতে পারে।

তবে সরকার স্পষ্ট করেছে, শুধু রাজনৈতিক আদর্শের ভিত্তিতে কোনো প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা যাবে না। এ ছাড়া কারও বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়া বা তদন্ত চলমান থাকলেও তা স্বয়ংক্রিয়ভাবে তাকে চাকরির অযোগ্য করবে না।

এলাহাবাদ হাইকোর্টের নির্দেশনা মেনে নিয়োগ ও কর্মী বিভাগে প্রধান সচিব এম দেবরাজ নতুন এ নির্দেশিকা জারি করেছেন।

রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, করপোরেশন, কাউন্সিল ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগের ক্ষেত্রে এ নীতিমালা প্রযোজ্য হবে।

সরকারি আদেশে বলা হয়েছে, যেসব সংগঠনের উদ্দেশ্য সহিংস উপায়ে সরকার পরিবর্তন ঘটানো, তাদের সদস্যদের সরকারি চাকরিতে নিয়োগের অযোগ্য বিবেচনা করা হবে।

এতে আরও বলা হয়েছে, কোনো ব্যক্তি ২১ বছর বয়স পূর্ণ করার পর চরিত্র যাচাইয়ের তারিখের আগের তিন বছরের মধ্যে এ ধরনের কর্মকাণ্ডে অংশ নিয়ে থাকলে তাকে এখনো এসব কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত বলে বিবেচনা করা হতে পারে।

তবে মধ্যবর্তী সময়ে ওই ব্যক্তির আচরণে ইতিবাচক পরিবর্তনের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে এ ধারণা পুনর্বিবেচনা করা যেতে পারে।

নির্দেশিকায় আবারও বলা হয়েছে, শুধু রাজনৈতিক আদর্শ সরকারি চাকরি না দেওয়ার কারণ হতে পারে না।

সূত্র: এনডিটিভি

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার