বিজ্ঞাপন
নার্সদের জন্য ৫০ হাজার ডলারের সহায়তা, তিন বছর কাজের শর্তে মিলবে শিক্ষাঋণ পরিশোধের সুযোগ
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১০ এএম
বিজ্ঞাপন
আমেরিকায় নার্সিং পেশায় কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং বয়স্কদের পরিচর্যা কেন্দ্রগুলোতে কর্মীসংকট কমানোর লক্ষ্যে নতুন একটি আর্থিক সহায়তা কর্মসূচি চালু করেছে ট্রাম্প প্রশাসন। ২০২৬ সালের ২৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ এবং মেডিকেয়ার ও মেডিকেইড সেবা কেন্দ্রের ঘোষণায় জানানো হয়, ‘নার্সেস ফর নার্সিং হোমস’ কর্মসূচির আওতায় যোগ্য নার্স ও নার্সিং শিক্ষার্থীরা সর্বোচ্চ ৫০ হাজার ডলার পর্যন্ত সহায়তা পাওয়ার সুযোগ পাবেন।
কর্মসূচিটির জন্য কেন্দ্রীয় সরকার ও অঙ্গরাজ্যগুলো মিলে মোট ২৭ কোটি ৫০ লাখ ডলারের তহবিল বরাদ্দের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের অংশ ১০ কোটি ডলার এবং অঙ্গরাজ্যগুলোর অংশ অন্তত ১৭ কোটি ৫০ লাখ ডলার। কর্তৃপক্ষের লক্ষ্য, দেশজুড়ে চার হাজারের বেশি নার্স ও নার্সিং শিক্ষার্থীকে এই কর্মসূচির আওতায় সহায়তা করা।
সরকারি নির্দেশনা অনুযায়ী, যোগ্য অংশগ্রহণকারীরা শিক্ষাঋণ পরিশোধের জন্য সর্বোচ্চ ৪০ হাজার ডলার এবং নির্দিষ্ট শর্তে অতিরিক্ত ১০ হাজার ডলারের প্রণোদনা পেতে পারেন। তবে এটি সবার জন্য নিশ্চিত ৫০ হাজার ডলারের নগদ অনুদান নয়। কারও ক্ষেত্রে শিক্ষাঋণ পরিশোধের সহায়তা প্রযোজ্য হবে, আবার কারও ক্ষেত্রে স্নাতক হওয়ার সময় ও ঋণের অবস্থা অনুযায়ী প্রণোদনা নির্ধারিত হবে।
অর্থ একবারে হাতে দেওয়ার পরিবর্তে কর্মসূচির শর্ত পূরণ করা সাপেক্ষে তিন বছর ধরে প্রতি তিন মাস অন্তর অর্থ প্রদান করা হবে। অংশগ্রহণকারীকে নির্ধারিত কর্মস্থলে কাজ চালিয়ে যেতে হবে এবং অন্যান্য যোগ্যতা বজায় রাখতে হবে।
এই কর্মসূচিতে মূলত নিবন্ধিত নার্স এবং লাইসেন্সধারী ব্যবহারিক বা বৃত্তিমূলক নার্সদের জন্য সুযোগ রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রে এসব পদের প্রচলিত নাম যথাক্রমে নিবন্ধিত নার্স এবং এলপিএন বা এলভিএন। আবেদনকারীদের সাধারণত— ১.যোগ্য নার্সিং হোমে চাকরি পেতে হবে। ২.সপ্তাহে গড়ে অন্তত ৩০ ঘণ্টা কাজ করতে হবে। ৩.শিক্ষাঋণ পরিশোধের সহায়তার জন্য যোগ্য শিক্ষাঋণ থাকতে হবে, অথবা ঋণ না থাকলে প্রযোজ্য নিয়ম অনুযায়ী গত দুই বছরের মধ্যে স্নাতক হতে হবে। ৪.যোগ্য প্রতিষ্ঠানে তিন বছর কাজ করার অঙ্গীকার করতে হবে। অর্থ পাওয়ার সময় সক্রিয় নার্সিং লাইসেন্স এবং কর্মসূচির অন্যান্য শর্ত পূরণ করতে হবে।
নার্সিং শিক্ষার্থীরা লাইসেন্স ও চাকরি পাওয়ার আগেই আবেদনপ্রক্রিয়া শুরু করতে পারেন। তবে অর্থ পাওয়ার আগে প্রয়োজনীয় লাইসেন্স, যোগ্য চাকরি এবং অন্যান্য শর্ত পূরণ করতে হবে।
এই কর্মসূচিতে সব নার্সিং হোমের চাকরি যোগ্য হিসেবে গণ্য হবে না। গ্রামীণ এলাকার নার্সিং হোম এবং যেখানে নার্স নিয়োগে বেশি সমস্যা রয়েছে, সেসব এলাকার যোগ্য প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কিছু অঙ্গরাজ্যের নার্সিং হোম পরিদর্শক পদও কর্মসূচির আওতায় আসতে পারে।
সরকার জানিয়েছে, ৫০টি অঙ্গরাজ্য এবং ওয়াশিংটন ডিসি এই উদ্যোগে অংশ নিচ্ছে। তবে কোনো প্রতিষ্ঠানে চাকরি পেলেই আর্থিক সহায়তা নিশ্চিত হবে না; প্রতিষ্ঠানটি কর্মসূচির তালিকায় আছে কি না এবং আবেদনকারী নিজে সব শর্ত পূরণ করছেন কি না, তা যাচাই করা জরুরি।
আবেদনের জন্য সরকারি ওয়েবসাইট https://nursesfornursinghomes.cms.gov/ ব্যবহার করতে হবে। সেখানে নিজের যোগ্যতা যাচাই, আবেদনকারীর হিসাব খোলা, যোগ্য প্রতিষ্ঠানে চাকরির সুযোগ খোঁজা এবং আবেদন জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।আবেদন করার আগে নার্সিং লাইসেন্স, চাকরির তথ্য এবং প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষাঋণের কাগজপত্র প্রস্তুত রাখুন। কোনো ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠান সহায়তা নিশ্চিত করার কথা বলে অর্থ চাইলে সতর্ক থাকুন। সরকারি কর্মসূচির শর্ত ও আবেদনপদ্ধতি সরাসরি সরকারি ওয়েবসাইট থেকেই যাচাই করুন।