বিজ্ঞাপন
নাতি-নাতনির দেখাশোনা করলেই পেনশনে মিলবে ৭ হাজার পাউন্ডের সুবিধা, আয়ের নতুন সুযোগ
যুক্তরাজ্য প্রতিনিধি
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১২:০৯ এএম
বিজ্ঞাপন
যুক্তরাজ্যে কর্মজীবী বাবা-মায়ের অনুপস্থিতিতে ১২ বছরের কম বয়সী নাতি-নাতনি বা পরিবারের অন্য শিশুর দেখাশোনা করেন এমন দাদা-দাদি ও নানা-নানিরা বাড়তি স্টেট পেনশনের সুবিধা পেতে পারেন। দেশটির ‘স্পেসিফায়েড অ্যাডাল্ট চাইল্ডকেয়ার ক্রেডিটস’ কর্মসূচির আওতায় যোগ্য ব্যক্তিরা ন্যাশনাল ইনস্যুরেন্স ক্রেডিট দাবি করতে পারেন। এতে অবসরের সময় পেনশন পাওয়ার যোগ্যতা অর্জন সহজ হতে পারে এবং দীর্ঘ মেয়াদে পেনশনের মোট মূল্য কয়েক হাজার পাউন্ড বাড়তে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান ২৮ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ হলে এ সুবিধার আর্থিক মূল্য অবসরজীবনের ২০ বছরে প্রায় ৭ হাজার পাউন্ড পর্যন্ত হতে পারে। তবে এটি সরাসরি নগদ অর্থ বা এককালীন অনুদান নয়। ন্যাশনাল ইনস্যুরেন্সের রেকর্ডে ক্রেডিট যোগ হওয়ার মাধ্যমে ভবিষ্যৎ স্টেট পেনশনের অধিকার সুরক্ষিত রাখাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
যুক্তরাজ্যে পূর্ণ স্টেট পেনশন পেতে সাধারণত ৩৫ বছরের যোগ্য ন্যাশনাল ইনস্যুরেন্স রেকর্ড প্রয়োজন। দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরে পূর্ণ নতুন স্টেট পেনশনের হার সপ্তাহে ২৪১.৩০ পাউন্ড। কোনো ব্যক্তির ন্যাশনাল ইনস্যুরেন্স রেকর্ডে ঘাটতি থাকলে যোগ্য চাইল্ডকেয়ার ক্রেডিট সেই ঘাটতি পূরণে সহায়তা করতে পারে।
যুক্তরাজ্য সরকারের নির্দেশনা অনুযায়ী, এ সুবিধা পেতে আবেদনকারীকে শিশুর যোগ্য আত্মীয় হতে হবে, বয়স ১৬ বছরের বেশি হলেও স্টেট পেনশনের বয়সসীমার নিচে থাকতে হবে এবং যুক্তরাজ্যে সাধারণভাবে বসবাস করতে হবে। শিশুর বয়স ১২ বছরের কম হওয়া জরুরি। একই সঙ্গে শিশুর বাবা-মা বা প্রধান অভিভাবককে চাইল্ড বেনিফিটের সুবিধাভোগী হতে হবে এবং তাঁদের সম্মতিতে ক্রেডিট স্থানান্তরের আবেদন করতে হবে।
এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো, শিশুর বাবা-মা বা প্রধান অভিভাবকের নিজেদের ন্যাশনাল ইনস্যুরেন্সের যোগ্য বছর পূরণ হয়ে থাকতে হবে। তাঁরা যে ক্রেডিট নিজেরা ব্যবহার করছেন না, সেটিই যোগ্য আত্মীয়ের রেকর্ডে স্থানান্তর করা যায়। একই চাইল্ড বেনিফিট দাবির বিপরীতে প্রতি সপ্তাহে একটি ক্রেডিটই স্থানান্তর করা সম্ভব, শিশুর সংখ্যা একাধিক হলেও।
কর্মসূচিটি ২০১১ সালের ৬ এপ্রিল চালু হয়। ফলে ওই সময় থেকে ১২ বছরের কম বয়সী শিশুর দেখাশোনা করে থাকলে অতীতের যোগ্য সময়ের জন্যও আবেদন করা যেতে পারে। তবে প্রতিটি ক্ষেত্রে যোগ্যতার শর্ত পূরণ এবং সংশ্লিষ্ট সময়ের তথ্য যাচাই করা হবে।
আবেদনের জন্য শিশুর তথ্য, বাবা-মা বা অভিভাবকের যোগাযোগের তথ্য এবং কোন সময়ে শিশুর দেখাশোনা করা হয়েছে তার বিবরণ প্রয়োজন। আবেদনকারী ও শিশুর অভিভাবককে ঘোষণাপত্রে সম্মতি দিতে হয়। এরপর সিএ৯১৭৬ ফর্ম পূরণ করে যুক্তরাজ্যের সরকারি ব্যবস্থার মাধ্যমে আবেদন করতে হয়। ফর্মটি অনলাইনে পূরণ করার পর প্রিন্ট করে নির্ধারিত ঠিকানায় পাঠাতে হয়।
চলতি অর্থবছরের জন্য আবেদন করতে হলে সাধারণ নিয়মে ৩১ অক্টোবরের আগে আবেদন করা যায় না। সংশ্লিষ্ট অর্থবছর শেষ হওয়ার পর অভিভাবকের ন্যাশনাল ইনস্যুরেন্সের রেকর্ড যাচাই করে ক্রেডিট স্থানান্তরের বিষয়টি নির্ধারণ করা হয়।
বিশেষজ্ঞদের পরামর্শ হলো, আবেদন করার আগে নিজের ন্যাশনাল ইনস্যুরেন্স রেকর্ড যাচাই করে দেখা উচিত। কারণ, কারও রেকর্ডে ইতিমধ্যে প্রয়োজনীয় যোগ্য বছর পূরণ হয়ে থাকলে অতিরিক্ত ক্রেডিট থেকে পেনশনে নতুন কোনো সুবিধা নাও আসতে পারে। একইভাবে, ৭ হাজার পাউন্ডের হিসাবটি সবার জন্য নিশ্চিত অর্থ নয়; ব্যক্তির রেকর্ড, যোগ্য বছর এবং অবসরজীবনের দৈর্ঘ্যের ওপর প্রকৃত সুবিধা নির্ভর করবে।