বিজ্ঞাপন
পেন্টাগনে একের পর এক শীর্ষ কর্মকর্তা বরখাস্ত, এবার পদ হারালেন ৩২ বছরের অভিজ্ঞ জেনারেল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পিএম
বিজ্ঞাপন
মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে ব্যাপক রদবদলের অংশ হিসেবে এবার শীর্ষ সামরিক পরিকল্পনাকারীকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। জয়েন্ট চিফস অব স্টাফের কৌশল, পরিকল্পনা ও নীতি নির্ধারণী প্রধান (সামরিক পরিমণ্ডলে যা 'জে৫' নামে পরিচিত) আর্মি লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়াকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গত বুধবার নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে এই তথ্য জানা যায়।
গত আট মাস ধরে চলা ইরান যুদ্ধের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নতুন করে হামলার কথা ভাবছেন, ঠিক সেই স্পর্শকাতর সময়েই পেন্টাগনে এই আকস্মিক রদবদলের ঘটনা ঘটল।
প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের অধীনে জে৫ পদ থেকে বরখাস্ত হওয়া দ্বিতীয় জেনারেল হলেন ব্রেট সিলভিয়া। এর আগে গত বছরের অক্টোবরে তার পূর্বসূরি লেফটেন্যান্ট জেনারেল জোসেফ ম্যাকগিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। প্রতিরক্ষা বিভাগের ওই কর্মকর্তা জানান, সিলভিয়ার স্থলাভিষিক্ত হিসেবে তাৎক্ষণিকভাবে কারও নাম ঘোষণা করা হয়নি এবং তাকে বরখাস্ত করার সুনির্দিষ্ট কোনো কারণও জানানো হয়নি।
তবে দীর্ঘ ৩২ বছরের বর্ণাঢ্য সামরিক ক্যারিয়ারের জন্য জয়েন্ট স্টাফের এক মুখপাত্র এক বিবৃতিতে সিলভিয়া ও তার পরিবারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জয়েন্ট চিফস চেয়ারম্যান ও প্রেসিডেন্টের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সামরিক পরিকল্পনা প্রণয়নের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে জে৫ দপ্তর।
সিলভিয়াকে এমন এক সময়ে বরখাস্ত করা হলো, যখন আগামী সপ্তাহে মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে সামরিক অভিযান শুরুর জোরালো ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে ওই অঞ্চলে ইতোমধ্যে তৃতীয় মার্কিন বিমানবাহী রণতরী ও হাজার হাজার অতিরিক্ত সেনা পাঠানো হচ্ছে। অন্যদিকে, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পিট হেগসেথ দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় দুই ডজন জেনারেল, অ্যাডমিরাল ও শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
২০২৭ সালের ১ জানুয়ারির মধ্যে শীর্ষ সামরিক কর্মকর্তাদের পদ ২০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছেন হেগসেথ, যাকে তিনি সামরিক বাহিনীর 'দায়বদ্ধতা' নিশ্চিত করার পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন। তবে কংগ্রেসের অনেক সদস্য এই ঢালাও ছাঁটাইয়ের তীব্র সমালোচনা করেছেন।
অ্যারিজোনার ডেমোক্র্যাট সিনেটর ও নৌবাহিনীর সাবেক কমব্যাট পাইলট মার্ক কেলি এই পদক্ষেপকে একটি ভয়াবহ 'শুদ্ধি অভিযান' আখ্যা দিয়ে বলেছেন, এর ফলে সামরিক নেতৃত্ব যে গভীর শূন্যতার মুখে পড়ছে, তা কাটিয়ে উঠতে পুরো এক প্রজন্ম সময় লেগে যাবে।