বিজ্ঞাপন
নিউইয়র্কে কিশোরী রোগীকে যৌন নিপীড়নে বাংলাদেশি শিশু চিকিৎসক গ্রেপ্তার
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পিএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে এক কিশোরী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগে ৭২ বছর বয়সী শিশু চিকিৎসক ডা. ফজল ইউসুফকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার, ২৭ অক্টোবর গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে যৌন নিপীড়ন, জোরপূর্বক স্পর্শ এবং শিশুর কল্যাণ বিপন্ন করার অভিযোগ আনা হয়েছে। নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোরী এবং ২০ বছর বয়সী এক তরুণী জড়িত। অভিযোগগুলোর তদন্তের পর পুলিশের স্পেশাল ভিকটিমস স্কোয়াড চিকিৎসককে গ্রেপ্তার করে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযোগের একটি ঘটনা চিকিৎসকের ফ্লাশিং এলাকার চেম্বারে ঘটেছে। প্রসিকিউটরদের দাবি, ১৫ বছর বয়সী রোগীর শরীরের স্পর্শকাতর স্থানে অনাকাঙ্ক্ষিতভাবে হাত দিয়েছিলেন চিকিৎসক। এ সময় তিনি ওই কিশোরীকে তাঁর সৌন্দর্য নিয়ে মন্তব্য করেন বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে তৃতীয় ডিগ্রির যৌন নিপীড়নের দুটি অভিযোগ, জোরপূর্বক স্পর্শ এবং শিশুর কল্যাণ বিপন্ন করার অভিযোগ আনা হয়েছে। তবে অভিযোগগুলোর বিষয়ে আদালতে দোষ প্রমাণিত হয়নি।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অন্য কেউ ভুক্তভোগী হয়ে থাকলে তাঁদেরও সামনে এসে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে। তদন্তের স্বার্থে সম্ভাব্য অন্য ভুক্তভোগীদের তথ্য সংগ্রহ করছে কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রে ফৌজদারি মামলায় গ্রেপ্তার বা অভিযোগ গঠন মানেই অপরাধ প্রমাণিত হওয়া নয়। আদালতে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি আইনত নির্দোষ বলে বিবেচিত হন।