বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের গ্রিন কার্ড স্পনসরশিপে আসছে পরিবর্তন, অগ্রাধিকার পাবেন মার্কিন কর্মীরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে বিদেশি পেশাদারদের জন্য গ্রিন কার্ড স্পনসরশিপের নিয়মে বড় ধরনের কড়াকড়ি আরোপের চিন্তাভাবনা চলছে। নতুন এই সংস্কারের মূল উদ্দেশ্য হলো দেশীয় অর্থাৎ মার্কিন কর্মীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া এবং তাদের কর্মসংস্থান সুরক্ষিত করা।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব লেবার (ডিওএল) বা শ্রম দপ্তরের প্রস্তাবিত এই পরিবর্তনের একটি খসড়া পর্যালোচনা সম্পন্ন করেছে মার্কিন অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট (ওএমবি)। এর ফলে প্রস্তাবটি এখন ফেডারেল রেজিস্টারে আনুষ্ঠানিকভাবে প্রকাশের জন্য আরও এক ধাপ এগিয়ে গেল।
নতুন এই প্রস্তাবনায় মূলত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে কর্মী নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান মানদণ্ড বা রিক্রুটমেন্ট স্ট্যান্ডার্ড আরও আধুনিক ও যুগোপযোগী করা। পাশাপাশি, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাইয়ের কারণে ক্ষতিগ্রস্ত মার্কিন কর্মীদের অধিকার রক্ষায় আরও শক্তিশালী সুরক্ষামূলক পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।
এছাড়া নিয়োগ প্রক্রিয়ায় ফেডারেল বৈষম্যবিরোধী নীতিগুলো যেন নিয়োগকর্তারা কঠোরভাবে মেনে চলেন, তা নিশ্চিত করার বিষয়টিও এই সংস্কারের অন্তর্ভুক্ত। উল্লেখ্য, ২০০৫ সালের পর থেকে পারমানেন্ট লেবার সার্টিফিকেশন বা 'পার্ম' (PERM) প্রোগ্রামের নিয়মে কোনো বড় ধরনের আপডেট না আসায়, এই নতুন উদ্যোগটি এমপ্লয়মেন্ট-বেসড গ্রিন কার্ড স্পনসরশিপের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
তবে প্রস্তাবিত এই নতুন নিয়মের বিস্তারিত ধারা ও শর্তাবলি এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, ফেডারেল রেজিস্টারে আনুষ্ঠানিকভাবে প্রকাশের পরই এগুলোর পূর্ণাঙ্গ রূপ জানা যাবে। মার্কিন কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে যে, নতুন এই নিয়ম চূড়ান্ত ও কার্যকর হওয়ার আগ পর্যন্ত গ্রিন কার্ড স্পনসরশিপের ক্ষেত্রে বর্তমান 'পার্ম' (PERM) নিয়মগুলোই বহাল থাকবে।
তবুও এই উদ্যোগের ফলে বিদেশি পেশাদার কর্মী এবং তাদের স্পনসর করা মার্কিন প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ নিয়োগ প্রক্রিয়ায় অচিরেই বড় ধরনের রদবদলের আভাস পাওয়া যাচ্ছে।