Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ট্রাম্পকে কটাক্ষ করে আলোচনায় ওবামা, মঞ্চ ছাড়ার সময় মাইক ছোড়ার ভিডিওতে ৫০ লাখ ভিউ

Icon

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ এএম

ট্রাম্পকে কটাক্ষ করে আলোচনায় ওবামা, মঞ্চ ছাড়ার সময় মাইক ছোড়ার ভিডিওতে ৫০ লাখ ভিউ

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট প্রার্থীদের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্পকে তীব্র ভাষায় আক্রমণ করার পর সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গত ২৪ অক্টোবর ডেট্রয়েটে অনুষ্ঠিত ওই প্রচারণায় সিনেট প্রার্থী আবদুল এল-সায়েদ এবং গভর্নর প্রার্থী জসিলিন বেনসনের পক্ষে মঞ্চে ওঠেন ওবামা।

বক্তব্য শেষে মঞ্চ ছাড়ার সময় তিনি বেশ স্টাইল করে অপেক্ষমাণ এক সহকারীর দিকে নিজের মাইক্রোফোনটি ছুড়ে দেন (মাইক টস), যা উপস্থিত দর্শক ও নেটিজেনদের নজর কেড়েছে।

ভাষণ দেওয়ার সময় ওবামা বর্তমান ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতি ও অযোগ্যতার কঠোর সমালোচনা করেন। তবে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় ট্রাম্পের হোয়াইট হাউসের সংস্কারকাজ নিয়ে তার করা একটি রসিকতা। ওবামা তীব্র কটাক্ষ করে বলেন, ট্রাম্পের এই সংস্কারকাজ দেখলে মনে হয় যেন "সাদ্দাম হোসেন একটি চিজকেক ফ্যাক্টরি খুলেছেন।" তার এই তীক্ষ্ণ মন্তব্য উপস্থিত সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনার সৃষ্টি করে।

প্রচারণার তিন দিন পর, অর্থাৎ ২৭ অক্টোবর আবদুল এল-সায়েদের নির্বাচনী ক্যাম্পেইনের পক্ষ থেকে মাইক্রোফোন ছুড়ে দেওয়ার ওই মুহূর্তটির একটি স্লো-মোশন বা ধীরগতির ভিডিও এক্সে (সাবেক টুইটার) প্রকাশ করা হয়।

ভিডিওটি পোস্ট করার পরপরই তা নেট দুনিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং খুব দ্রুতই প্রায় ৫০ লাখ বা ৫ মিলিয়ন ভিউ সংগ্রহ করেছে। ওবামার এই স্বভাবসুলভ ক্যারিশমা ও রসবোধ মার্কিন রাজনীতির মাঠে আবারও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার