বিজ্ঞাপন
দাম বাড়ায় স্ট্রিমিং থেকে মুখ ফেরাচ্ছেন মার্কিনরা, খরচ কমাতে বাতিল হচ্ছে একের পর এক সাবস্ক্রিপশন
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পিএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে অনলাইন স্ট্রিমিং সেবার সাবস্ক্রিপশন ফি বাড়তে থাকায় খরচ কমানোর দিকে ঝুঁকছেন অনেক গ্রাহক। নেটফ্লিক্স, ডিজনি প্লাসসহ বিভিন্ন প্ল্যাটফর্মে নিয়মিত অর্থ খরচের চাপ সামলাতে কেউ সাবস্ক্রিপশন বাতিল করছেন, কেউ কম দামের বিজ্ঞাপনযুক্ত প্যাকেজ বেছে নিচ্ছেন, আবার কেউ বিনা মূল্যের স্ট্রিমিং সেবায় চলে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন জরিপেও বিনোদন খাতে বাড়তি ব্যয় নিয়ে গ্রাহকদের অসন্তোষের চিত্র উঠে এসেছে।
নিউ জার্সিভিত্তিক সংবাদমাধ্যম এনজে ডটকমের ২৮ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে স্ট্রিমিং সেবার বাড়তি খরচের কারণে গ্রাহকদের সাবস্ক্রিপশন ছেড়ে দেওয়ার প্রবণতা তুলে ধরা হয়েছে।
রিভিউজ ডটঅর্গের ২০২৬ সালের জুনে প্রকাশিত এক জরিপে দেখা গেছে, গত ১২ মাসে স্ট্রিমিং সেবার দাম বাড়ার কারণে ৫২ শতাংশ উত্তরদাতা কোনো একটি সেবার সাবস্ক্রিপশন বাতিল করেছেন অথবা কম খরচের প্যাকেজে পরিবর্তন করেছেন। একই জরিপে ৪৩ শতাংশ জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে অন্তত একটি স্ট্রিমিং সেবার সাবস্ক্রিপশন বাতিল করার সম্ভাবনা রয়েছে।
এক হাজার মার্কিন নাগরিকের ওপর পরিচালিত ওই জরিপে আরও দেখা যায়, একজন মার্কিন গ্রাহক গড়ে প্রায় তিনটি পেইড স্ট্রিমিং সেবা ব্যবহার করেন। ফলে একাধিক প্ল্যাটফর্মের মাসিক বিল একসঙ্গে যোগ হয়ে অনেক পরিবারের বিনোদন ব্যয় বাড়িয়ে দিচ্ছে।
সাবস্ক্রিপশন বাতিল করলেও অনেক গ্রাহক স্থায়ীভাবে কোনো প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছেন না। জরিপে ৫৫ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, আগে বাতিল করা কোনো স্ট্রিমিং সেবায় পরে আবার সাবস্ক্রাইব করেছেন। অন্যদিকে, ৪৮ শতাংশ বলেছেন, নির্দিষ্ট কোনো অনুষ্ঠান বা খেলা দেখার জন্য সাবস্ক্রিপশন নিয়ে পরে তা বাতিল করেছেন।
খরচ কমানোর আরেকটি উপায় হিসেবে বিজ্ঞাপনযুক্ত প্যাকেজ জনপ্রিয় হচ্ছে। জরিপে ৩৮ শতাংশ উত্তরদাতা গত এক বছরে বিজ্ঞাপনবিহীন পেইড প্যাকেজ থেকে কম দামের বিজ্ঞাপনযুক্ত প্যাকেজে যাওয়ার কথা জানিয়েছেন। পাশাপাশি ৫৫ শতাংশ বলেছেন, বাড়তি সাবস্ক্রিপশনের খরচ বহন করা কঠিন হওয়ায় তাঁরা বিনা মূল্যের বিজ্ঞাপননির্ভর স্ট্রিমিং সেবা ব্যবহার করেন।
ইউটিউবের বিনা মূল্যের ভিডিও, টিউবি, দ্য রোকু চ্যানেল ও প্লুটো টিভির মতো প্ল্যাটফর্মগুলো এ ক্ষেত্রে বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রচলিত টিভি চ্যানেল দেখার জন্যও কেউ কেউ ওভার দ্য এয়ার অ্যান্টেনা ব্যবহার করছেন।
স্ট্রিমিং সেবার দাম নিয়ে অসন্তোষ নতুন নয়। ইউগভের ২০২৫ সালের এক জরিপে দেখা গেছে, গত ছয় মাসে ৪৯ শতাংশ মার্কিন নাগরিক তাঁদের স্ট্রিমিং সাবস্ক্রিপশনে পরিবর্তন এনেছেন। যাঁরা অন্তত একটি সাবস্ক্রিপশন বাতিল করেছিলেন, তাঁদের মধ্যে ৬৬ শতাংশ দামকে বাতিলের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।
গ্রাহকদের এই প্রবণতা স্ট্রিমিং কোম্পানিগুলোর জন্যও গুরুত্বপূর্ণ। একদিকে দর্শকেরা পছন্দের সিনেমা, সিরিজ ও খেলাধুলা দেখতে চান, অন্যদিকে একাধিক সেবার মাসিক খরচ তাঁদের বাজেটের ওপর চাপ সৃষ্টি করছে। ফলে কোন প্ল্যাটফর্মে কতটা সময় কাটাচ্ছেন এবং কোন সাবস্ক্রিপশন থেকে বাস্তবে কতটা সুবিধা পাচ্ছেন, তা বিবেচনা করে সিদ্ধান্ত নিচ্ছেন অনেকে।
বিশ্লেষকদের মতে, গ্রাহকদের ধরে রাখতে স্ট্রিমিং কোম্পানিগুলোকে মূল্য নির্ধারণ, প্যাকেজের সুবিধা এবং কনটেন্টের মানের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। অন্যথায়, গ্রাহকেরা প্রয়োজন অনুযায়ী এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে চলে যাওয়ার প্রবণতা আরও বাড়াতে পারেন।