Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের জোটে আরব জয়েন্ট লিস্ট

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২০ পিএম

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের জোটে আরব জয়েন্ট লিস্ট

বিজ্ঞাপন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতা থেকে সরাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দেশটির আরব আইনপ্রণেতা ও জয়েন্ট লিস্ট পার্লামেন্টারি জোটের প্রধান আহমাদ তিবি। আরব নাগরিকদের ব্যাপক ভোটার উপস্থিতি প্রমাণ করেছে, রাজনৈতিক পরিবর্তনের জন্য জয়েন্ট লিস্ট একটি ‘নির্ণায়ক শক্তি’ বলে মন্তব্য করেছেন তিনি।

সংবাদমাধ্যম আনাদোলুকে দেওয়া এক লিখিত বিবৃতিতে তিবি বলেন, ‘আরব নাগরিকদের ব্যাপক ভোটার উপস্থিতি জয়েন্ট লিস্টের জন্য ঐতিহাসিক অর্জন। জনগণের ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে জোটটি প্রমাণ করেছে, পরিবর্তন আনতে হলে এই নির্ণায়ক শক্তিকে বাদ দিয়ে তা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘নেতানিয়াহু-বেন গিভির সরকারকে সরাতে আমরা পরিবর্তনপন্থী জোটের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। এই প্রক্রিয়া শুরু হবে নেসেটের স্পিকার আমির ওহানাকে অপসারণের মধ্য দিয়ে।’

‘পরিবর্তনপন্থী জোট’ হলো নেতানিয়াহু সরকারকে ক্ষমতা থেকে সরাতে গঠিত বিরোধী জোট। এতে রয়েছেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের ইয়াশার পার্টি, ইয়ার লাপিদের ইয়েশ আতিদ, ইয়ার গোলানের ডেমোক্র্যাটস, নাফতালি বেনেটের বেয়াখাদ এবং আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু পার্টি।

তিবির কার্যালয় প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বুধবার ভোরে মধ্য ইসরায়েলের তাইবে শহরে জয়েন্ট লিস্টের সমর্থকদের এক সমাবেশে বক্তব্য দেন তিনি। এ সময় তিবি বলেন, ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং ভোটগ্রহণে বাধা দেওয়ার চেষ্টা সত্ত্বেও তাদের কণ্ঠস্বর ছিল ‘সবচেয়ে জোরালো’।

তিনি আরও বলেন, ‘অপরাধী বেন গিভির আর পুলিশমন্ত্রী থাকবেন না। তার সময় শেষ।’

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে ৮৪ দশমিক ৫ শতাংশ ভোট গণনার পর দেশটির সংবাদমাধ্যমগুলোর পূর্বাভাসে বলা হয়েছে, ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর জোট ৫৪টি আসন পেতে পারে। সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা থেকে তারা সাত আসন পিছিয়ে রয়েছে।

দ্য টাইমস অব ইসরায়েল পত্রিকা কেন্দ্রীয় নির্বাচন কমিটির বরাতে জানিয়েছে, আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৯টি আসন পেতে পারে। অন্যদিকে, প্রধানত আরব দলগুলো পেতে পারে ১৭টি আসন।

পূর্বাভাস অনুযায়ী, আরব-প্রধান জয়েন্ট লিস্ট ১১টি আসন পেতে পারে। আর ইউনাইটেড আরব লিস্ট বা রা’আমের আসনসংখ্যা হতে পারে ছয়টি।

সূত্র: আনাদোলু এজেন্সি

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার