Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

স্পেনে ২ দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ১০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পিএম

স্পেনে ২ দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ১০

বিজ্ঞাপন

স্পেনের মধ্যাঞ্চলীয় তোলেদো প্রদেশে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। খবর বিবিসির

বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার পর মাদ্রিদের দক্ষিণে মোরা ও ওরগাস পৌর এলাকার মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে। স্পেনের রেল অবকাঠামো কর্তৃপক্ষ আদিফ জানিয়েছে, দুর্ঘটনায় রেনফে ও ইরিও কোম্পানির দুটি ট্রেন জড়িত ছিল। এর মধ্যে ইরিওর ট্রেনটি মাদ্রিদ থেকে সেভিয়া রুটে চলাচল করে।

দুর্ঘটনার পর ওই রুটের সব ট্রেন বিভিন্ন স্টেশনে থামিয়ে রাখা হয়েছে। কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের সরকারের মুখপাত্র এস্তের পাদিয়া স্থানীয় টেলিভিশনকে অন্তত ১০ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কাছের উর্দা শহরের মেয়র ম্যানুয়েল গালানও স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিভিইকে জানিয়েছেন, দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্পেনের জরুরি সেবার এক মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, উদ্ধারকাজে একাধিক ফায়ার সার্ভিস দল, তিনটি হেলিকপ্টার ও নিবিড় পরিচর্যা সুবিধাসম্পন্ন দুটি মোবাইল ইউনিটসহ সব ধরনের জরুরি সহায়তা মোতায়েন করা হয়েছে।

দুর্ঘটনায় শোক জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, ‘তোলেদোতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবরে আমি মর্মাহত।’

তিনি আরও জানান, পরিবহনমন্ত্রীর পাশাপাশি কাস্তিয়া-লা মাঞ্চার আঞ্চলিক সরকারের প্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি। সংশ্লিষ্ট সব প্রশাসনের সমন্বয়ে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছেন এবং ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছেন।

সানচেজ বলেন, ‘সব ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি আমার ভালোবাসা, সংহতি ও সমর্থন রইল।’

দুর্ঘটনার কারণে সানচেজসহ স্পেনের কয়েকজন রাজনীতিক বুধবারের সব প্রকাশ্য কর্মসূচি বাতিল করেছেন। আগামী মাসের পার্লামেন্ট নির্বাচন সামনে রেখে নির্ধারিত প্রচার কার্যক্রমও এর মধ্যে রয়েছে।

সরকারি সূত্রের বরাতে স্পেনের সংবাদমাধ্যম এল পাইস জানিয়েছে, এ দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। গত জানুয়ারিতে আদামুজে ট্রেন দুর্ঘটনায় ৪৬ জন নিহত হয়েছিলেন। এবারের দুর্ঘটনা সেই ঘটনাকেও ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার