বিজ্ঞাপন
‘ইসলামবিরোধী’ আখ্যা দিয়ে চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল আফগানিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পিএম
বিজ্ঞাপন
আফগানিস্তানে চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করেছে তালেবান সরকার। এ অস্ত্রোপচার ইসলামি শিক্ষার পরিপন্থী বলে দাবি করে চিকিৎসকদের তা বন্ধ করার নির্দেশ দিয়েছেন কর্মকর্তারা। ফলে প্রতিবছর দেশটিতে শত শত মানুষ দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার এই চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
২০২১ সালে ক্ষমতায় ফেরার পর থেকে স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার সীমিত করে একের পর এক নির্দেশনা জারি করছে তালেবান সরকার। কয়েক মাস আগে একটি চিকিৎসাসেবামূলক দাতব্য সংস্থার সহায়তায় আফগানিস্তানের রাজধানী কাবুল ও পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে স্থানীয় চিকিৎসকদের কর্নিয়া প্রতিস্থাপনের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এর মধ্যেই অস্ত্রোপচার বন্ধের নির্দেশ এল।
চিকিৎসকেরা বলছেন, বিস্ফোরণ ও দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারানো রোগীদের স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের ব্যাপক প্রয়োজন রয়েছে।
কাবুলের নূর আই হাসপাতালের চিকিৎসক নূর জামান হাশিম বলেন, তালেবানের নির্দেশে কর্মসূচি বন্ধ হওয়ার আগে সাম্প্রতিক মাসগুলোতে তাদের হাসপাতালে ৯০টি কর্নিয়া প্রতিস্থাপন করা হয়েছিল।
তিনি জানান, হাসপাতালে অপেক্ষমাণ রোগীর সংখ্যা বাড়ছে। তাদের অধিকাংশই তরুণ। আঘাত, বিস্ফোরণ, দুর্ঘটনা এবং ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়ে চোখের ক্ষতির কারণে তারা দৃষ্টিশক্তি হারিয়েছেন।
নূর জামান হাশিম বলেন, ‘দশকের পর দশক ধরে চলা সহিংসতা আফগানিস্তানের স্বাস্থ্যসেবা অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। কর্নিয়া প্রতিস্থাপনের চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত চক্ষুবিশেষজ্ঞ কিংবা দেশে সহজলভ্য কর্নিয়া- কোনোটিই আমাদের নেই।’
তিনি আরও বলেন, ‘তালেবান মৌখিকভাবে আমাদের প্রতিস্থাপন বন্ধের নির্দেশ দিয়েছে। কঠোর শাস্তির ঝুঁকি থাকায় তাদের নির্দেশ অমান্য করার সাহস কারও নেই।’
যুক্তরাষ্ট্রের ইলিনয়ভিত্তিক দাতব্য সংস্থা অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ানস অব পাকিস্তানি ডিসেন্ট অব নর্থ আমেরিকা (অ্যাপনা) ২০১৭ সাল থেকে পাকিস্তানে বিনা মূল্যে প্রতিস্থাপনের জন্য কর্নিয়া সরবরাহ করে আসছে। অঙ্গদানের মাধ্যমে এসব কর্নিয়া সংগ্রহ করা হয়।
চলতি বছরের শুরুতে সংস্থাটি সীমান্ত পেরিয়ে আফগানিস্তানেও তাদের কর্মসূচি সম্প্রসারণ করে। এর আওতায় দেশটিতে ১৫০টির বেশি অস্ত্রোপচার করা সম্ভব হয়। পাকিস্তানের পেশোয়ারে তিনজন আফগান চক্ষুবিশেষজ্ঞকে এ অস্ত্রোপচারের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।
অ্যাপনার কর্নিয়া কর্মসূচির প্রধান এবং যুক্তরাষ্ট্রভিত্তিক জাফফার মীর ফাউন্ডেশনের প্রধান ফাওয়াদ জাফফার বলেন, ‘২০১৭ সাল থেকে আমরা পাকিস্তানে বিনা মূল্যে কর্নিয়া পাঠিয়ে আসছি। এর মাধ্যমে ১০ হাজার মানুষ উপকৃত হয়েছেন।’
তিনি বলেন, ‘প্রায় চার মাস আগে আমরা আফগানিস্তানে কর্মসূচিটি সম্প্রসারণ করি। সেখানে শত শত মানুষের কর্নিয়া প্রতিস্থাপন প্রয়োজন ছিল। কিন্তু তালেবানের নির্দেশনা কর্মসূচিটিকে মারাত্মকভাবে ব্যাহত করেছে।’
এক বিবৃতিতে অ্যাপনা তালেবানের প্রতি আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, কয়েক দশকের সহিংসতায় বিপর্যস্ত দেশটিতে এ চিকিৎসাসেবার জরুরি প্রয়োজন রয়েছে।
সূত্র: দ্য টেলিগ্রাফ