বিজ্ঞাপন
অর্ধেক ভোট গণনা শেষ, কত আসন পেলো নেতানিয়াহুর দল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০২:১০ পিএম
বিজ্ঞাপন
ইসরায়েলের পার্লামেন্ট (নেসেট) নির্বাচনে অর্ধেকের বেশি ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৫টি আসনে এগিয়ে রয়েছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের চেয়ে এখনো ছয়টি আসন পিছিয়ে রয়েছে জোটটি। ফলে ভোট গণনায় এগিয়ে থাকলেও ক্ষমতায় ফেরার সমীকরণ এখনো নিশ্চিত নয়।
বুধবার (২৮ অক্টোবর) দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রকাশিত প্রাথমিক ফলাফলে এ চিত্র উঠে এসেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ২৮ লাখ ভোট গণনা করা হয়েছে, যা মোট ভোটের প্রায় ৫৬ শতাংশ।
প্রাথমিক ফলাফলে নেতানিয়াহুর লিকুদ পার্টি ২০ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে শীর্ষে রয়েছে। গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি ১৬ দশমিক ৭ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। আর সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের ‘টুগেদার’ জোট পেয়েছে ৯ শতাংশ ভোট।
ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত গণনা করা ভোটের ভিত্তিতে নেতানিয়াহুর জোট ৫৫টি আসন পেতে পারে। অন্যদিকে বিরোধী জোটের সম্ভাব্য আসনসংখ্যা ৪৯। আরব নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে ১৬টি আসন পেতে পারে বলে প্রাথমিক হিসাবে উঠে এসেছে।
ইসরায়েলের পার্লামেন্টে মোট আসন ১২০টি। সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১ জন আইনপ্রণেতার সমর্থন। সে হিসাবে নেতানিয়াহুর জোট এগিয়ে থাকলেও সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে এখনো অন্য দলের সমর্থন প্রয়োজন হতে পারে।