বিজ্ঞাপন
ইতালির পার্লামেন্টে সাইবার হামলা, আক্রান্ত প্রধানমন্ত্রী মেলোনিসহ একাধিক আইনপ্রণেতার ইমেইল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৮ এএম
বিজ্ঞাপন
ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষের (চেম্বার অব ডেপুটিজ) কম্পিউটার সিস্টেমে সম্প্রতি এক সাইবার হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ বেশ কয়েকজন আইনপ্রণেতার ইমেইল অ্যাকাউন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইতালীয় বার্তা সংস্থা আনসা।
তবে প্রধানমন্ত্রীর দপ্তর পালাজ্জো চিগি নিশ্চিত করেছে যে, মেলোনির আক্রান্ত ইমেইল অ্যাকাউন্টটি তাঁর সংসদীয় কাজের জন্য নির্ধারিত ছিল, সরকারি কোনো গুরুত্বপূর্ণ যোগাযোগে সেটি ব্যবহৃত হতো না। হামলায় নিম্নকক্ষের পুরো তথ্যপ্রযুক্তি ব্যবস্থা আক্রান্ত হলেও কারিগরি বিশেষজ্ঞরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।
পার্লামেন্টের নিম্নকক্ষ সূত্র জানিয়েছে, এই ঘটনাকে কোনো গুরুতর জরুরি নিরাপত্তা সংকট হিসেবে বিবেচনা করা হচ্ছে না, কারণ প্রাতিষ্ঠানিক সিস্টেমে এমন অনুপ্রবেশের চেষ্টা প্রায়শই ঘটে থাকে। ইতিমধ্যেই জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থার (এসিএন) সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সব ধরনের সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কম্পিউটার সিস্টেমের কিছু কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখাও এই স্বাভাবিক নিরাপত্তা প্রক্রিয়ারই একটি অংশ। সাম্প্রতিক সময়ে ইতালির পাশাপাশি বিভিন্ন ইউরোপীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় এ ধরনের সাইবার হামলা এবং এর চাপ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।