Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

কানাডার এক্সপ্রেস এন্ট্রিতে ৩ নভেম্বর থেকে নতুন নিয়ম, যোগ্য চাকরিতে মিলবে সর্বোচ্চ ১০০ পয়েন্ট

Icon

কানাডা প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৭ এএম

কানাডার এক্সপ্রেস এন্ট্রিতে ৩ নভেম্বর থেকে নতুন নিয়ম, যোগ্য চাকরিতে মিলবে সর্বোচ্চ ১০০ পয়েন্ট

বিজ্ঞাপন

আগামী ৩ নভেম্বর (২০২৬) থেকে কানাডায় স্থায়ীভাবে বসবাসের আবেদনকারীদের জন্য এক্সপ্রেস এন্ট্রি ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে দেশটির সরকার। গত ১৬ অক্টোবর কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) এই নতুন নিয়মের ঘোষণা দেয়।

নতুন এই নীতিমালার আওতায় নির্দিষ্ট উচ্চ বেতনের পেশায় যোগ্য চাকরির প্রস্তাব অথবা কানাডায় কাজের অভিজ্ঞতার ভিত্তিতে আবেদনকারীরা অতিরিক্ত কমপ্রিহেনসিভ র‍্যাঙ্কিং সিস্টেম (সিআরএস) পয়েন্ট অর্জন করতে পারবেন। সবচেয়ে বড় স্বস্তির খবর হলো, এক্সপ্রেস এন্ট্রিতে যোগ্য চাকরির প্রস্তাবের ক্ষেত্রে লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট (এলএমআইএ) বাধ্যতামূলক থাকার নিয়মটি প্রত্যাহার করা হচ্ছে।

নতুন ব্যবস্থায় উচ্চ বেতনের পেশায় যোগ্য চাকরির প্রস্তাব থাকলে আবেদনকারীরা পেশার নির্ধারিত মধ্যম বেতনের ভিত্তিতে ৫০, ৭০ বা সর্বোচ্চ ১০০ পর্যন্ত সিআরএস পয়েন্ট পেতে পারেন। এক্ষেত্রে পেশাটির মধ্যম বেতন কানাডার সামগ্রিক কর্মশক্তির মধ্যম বেতনের ১ দশমিক ৩ গুণ হলে ৫০ পয়েন্ট, ১ দশমিক ৫ গুণ হলে ৭০ পয়েন্ট এবং দ্বিগুণ হলে ১০০ পয়েন্ট মিলবে।

তবে এটি ব্যক্তির নিজস্ব বেতনের ওপর নয়, বরং জাতীয় পেশা শ্রেণিবিন্যাস কোড এবং আইআরসিসির তালিকার ওপর নির্ভর করবে। অন্যদিকে, নির্দিষ্ট উচ্চ বেতনের পেশায় অন্তত ১২ মাসের কানাডীয় কাজের অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত ২০, ৪০ অথবা ৭০ পয়েন্ট পাওয়া যাবে। প্রচলিত সিআরএস পয়েন্টের সঙ্গে যুক্ত হয়ে এই খাতে একজন আবেদনকারী (সঙ্গী ছাড়া) সর্বোচ্চ ১৫০ পয়েন্ট এবং সঙ্গীসহ আবেদন করলে সর্বোচ্চ ১৪০ পয়েন্ট পর্যন্ত অর্জন করতে পারবেন।

তবে চাকরির প্রস্তাব ও কাজের অভিজ্ঞতার পয়েন্ট একসঙ্গে যোগ করার সুযোগ নেই; যেটিতে পয়েন্ট বেশি আসবে সেটিই চূড়ান্ত হিসেবে গণ্য হবে।

নতুন নিয়মে এলএমআইএ-এর বাধ্যবাধকতা তুলে নেওয়া হলেও আইআরসিসি সুস্পষ্টভাবে জানিয়েছে যে, চাকরির প্রস্তাবের সত্যতা কঠোরভাবে যাচাই করা হবে। নিয়োগকারী প্রতিষ্ঠানটি সক্রিয়ভাবে ব্যবসা করছে কি না, চাকরির প্রস্তাবটি তাদের প্রকৃত প্রয়োজনের সঙ্গে সঙ্গতিপূর্ণ কি না এবং আবেদনকারী ওই পদের জন্য যোগ্য কি না—তা গভীরভাবে পর্যালোচনা করবেন কর্মকর্তারা।

ভুয়া চাকরির প্রস্তাব বা ভুল তথ্য দিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করলে আবেদন প্রক্রিয়া বাতিলের ঝুঁকিতে পড়বে। এলএমআইএ অব্যাহতি পেলেও ফেডারেল স্কিলড ওয়ার্কার বা ট্রেডস প্রোগ্রামের আওতায় চাকরির প্রস্তাবের নির্ধারিত শর্তাবলি অপরিবর্তিত থাকবে।

যাঁরা ইতিমধ্যেই এক্সপ্রেস এন্ট্রি পুলে যুক্ত আছেন, নতুন নিয়ম কার্যকর হলে স্বয়ংক্রিয়ভাবে তাঁদের প্রোফাইলের স্কোর পুনর্গণনা করা হবে। তবে এর জন্য ৩ নভেম্বরের আগেই আবেদনকারীদের নিজ নিজ প্রোফাইলে প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করে সঠিকতা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

আইআরসিসি জানিয়েছে, এই পুনর্গণনা প্রক্রিয়ায় সর্বোচ্চ দুই সপ্তাহ সময় লাগতে পারে এবং এই সময়ে নতুন আবেদনকারীদের আমন্ত্রণ জানানোর ড্র সাময়িকভাবে স্থগিত থাকবে। মূলত কানাডার শ্রমবাজারের বাস্তব চাহিদার সঙ্গে অভিবাসন ব্যবস্থাকে আরও সমন্বিত করতে এবং প্রকৃত দক্ষ কর্মীদের আকৃষ্ট করতেই সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার