বিজ্ঞাপন
ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিতে সুপ্রিম কোর্টের সমর্থন, ক্ষমতা হারালেন অভিবাসন বিচারকেরা
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে অভিবাসন বিচারকদের নির্বাসন মামলা সাময়িকভাবে স্থগিত করার ক্ষমতা বা ‘অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লোজার’ ফিরিয়ে দেওয়ার আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (২৭ অক্টোবর) এক আদেশে আদালত এই সিদ্ধান্ত জানান। এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ও রিপাবলিকান শাসিত টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যে হওয়া একটি চুক্তি বহাল থাকল, যার মাধ্যমে বিচারকদের এই বহু পুরোনো ক্ষমতাটি বাতিল করা হয়েছিল।
বাল্টিমোরসহ তিনটি মার্কিন শহর এবং একটি অভিবাসী অধিকার রক্ষা গোষ্ঠীর করা জরুরি আবেদনটি কোনো ব্যাখ্যা ছাড়াই এক বাক্যের আদেশে খারিজ করে দেন সুপ্রিম কোর্ট। আদেশের বিষয়ে কোনো বিচারপতি প্রকাশ্য ভিন্নমতও পোষণ করেননি।
দীর্ঘ কয়েক দশক ধরে অভিবাসন বিচারকরা তাঁদের ওপর থাকা মামলার বাড়তি চাপ কমাতে ‘অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লোজার’ বা প্রশাসনিক সমাপ্তি নামের এই পদ্ধতি ব্যবহার করে আসছিলেন। মূলত একই ব্যক্তির বিরুদ্ধে ভিসা পিটিশন বা ফৌজদারি সাজার আপিলের মতো অন্য কোনো আইনি প্রক্রিয়া চলমান থাকলে এই ব্যবস্থার মাধ্যমে নির্বাসন বা ডিপোর্টেশন মামলা স্থগিত রাখা হতো।
তবে টেক্সাস এবং ট্রাম্প প্রশাসনের মতো সমালোচকদের দাবি, এই নিয়মের সুযোগ নিয়ে বৈধ কাগজপত্রহীন অভিবাসীরা অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পান, যা একধরনের সাধারণ ক্ষমার মতো কাজ করে। উল্লেখ্য, ২০২৪ সালে জো বাইডেনের প্রশাসন বিচারকদের মামলা পরিচালনার সুবিধার্থে এই পদ্ধতিটিকে আনুষ্ঠানিকভাবে আইনি রূপ দিয়েছিল। কিন্তু ২০২৫ সালে ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর বিচার বিভাগ ঘোষণা দেয় যে তারা বাইডেন আমলের এই নিয়ম রক্ষায় আদালতে আইনি লড়াই চালাবে না।
এরই ধারাবাহিকতায় গত ২২ জুন টেক্সাস অঙ্গরাজ্য নিয়মটিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করে এবং একই দিন ট্রাম্প প্রশাসন ও টেক্সাস একটি চুক্তিতে উপনীত হয়। উইচিটা ফলস-এর ইউএস ডিস্ট্রিক্ট জজ রিড ও'কনর দ্রুত এই চুক্তি অনুমোদন করে বাইডেন আমলের নিয়মটিকে বেআইনি ঘোষণা করেন এবং দেশব্যাপী স্থায়ীভাবে তা বাতিল করেন।
এই আদেশের বিরুদ্ধে বাল্টিমোর, নিউ হ্যাভেন ও কলম্বাস—এই তিন শহর এবং আইনি সহায়তা প্রতিষ্ঠান সেন্ট্রো লিগ্যাল দে লা রাজা আইনি লড়াইয়ে যুক্ত হতে চাইলেও বিচারক ও'কনর তা প্রত্যাখ্যান করেন। পরে ফিফথ ইউএস সার্কিট কোর্ট অব আপিলস-ও এই চুক্তির ওপর স্থগিতাদেশ দিতে অস্বীকৃতি জানায়।
সুপ্রিম কোর্টে দেওয়া আবেদনে শহরগুলো অভিযোগ করেছিল যে, ট্রাম্প প্রশাসন তাদের অপছন্দের একটি নিয়ম বাতিল করতে আদর্শগতভাবে সমমনা টেক্সাসের সঙ্গে যোগসাজশ করে ‘সাজানো মামলার’ মাধ্যমে ফেডারেল আইন এড়িয়ে গেছে।