বিজ্ঞাপন
ফ্লোরিডায় ৩ বছরের শিশুর গোলের পর গোল, প্রতিভা সহ্য করতে না পেরে পুলিশ ডাকলেন লিগ কর্মকর্তারা
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৫ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মাত্র তিন বছর বয়সী এক শিশুর দুর্দান্ত ফুটবল খেলা নিয়ে রীতিমতো তুলকালাম কাণ্ড ঘটে গেছে। শিশুটি মাঠে খুব ভালো খেলছিল বলে তাকে খেলা থেকে বের করে দিতে পুলিশ ডাকা হয়েছে—এমন অভিযোগ তুলেছেন তার বাবা-মা। ফ্লোরিডার উইন্টার পার্কে ঘটা এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে ঘটনার অন্য একটি দিকও সামনে এসেছে, যেখানে লিগ কর্তৃপক্ষ শিশুটির বাবা-মায়ের আচরণের দিকে আঙুল তুলেছে।
ভাইরাল হওয়া ভিডিওতে নেভাদা নামের ওই শিশুটিকে বিপক্ষ দলের বিপক্ষে একের পর এক গোল করতে দেখা যায়। এর পরপরই পুলিশ আসার দৃশ্য দেখানো হয়। নেভাদার বাবা ডন ভিডিওতে অভিযোগ করেন, ছেলে বেশিক্ষণ বল নিজের কাছে রাখছিল এবং অতিরিক্ত ভালো খেলছিল বলেই কর্তৃপক্ষ পুলিশ ডেকেছে।
তবে উইন্টার পার্ক পুলিশের প্রকাশ করা বডি-ক্যামেরা ও ৯১১ কলের রেকর্ডে ভিন্ন চিত্র পাওয়া গেছে। 'আইনাইন স্পোর্টস' লিগের এক কর্মকর্তা পুলিশকে জানান, নেভাদা দারুণ খেলোয়াড় হলেও সে মাঠে অন্যদের ধাক্কা দিচ্ছিল। তিনি পরিস্থিতি সামাল দিতে গেলে নেভাদার বাবা-মা অন্য অভিভাবকদের সঙ্গে তর্কে জড়ান এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেন।
এর আগেও অন্য শিশুদের খেলার সুযোগ দিতে নেভাদাকে মাঠ থেকে তোলায় তার বাবা-মা কর্মকর্তাকে অপমান করেছিলেন বলে অভিযোগ করা হয়। ঘটনার পর লিগ কর্তৃপক্ষ নেভাদাকে বাতিল করে তাদের রেজিস্ট্রেশন ফি ফেরত দিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি শান্তিপূর্ণভাবে মিটে গেছে এবং কাউকে গ্রেপ্তার বা বলপ্রয়োগ করে বের করে দেওয়া হয়নি।
ঘটনাটি জানাজানি হওয়ার পর বিখ্যাত শিশু শিক্ষাবিদ ও ইউটিউবার 'মিস র্যাচেল' তীব্র ক্ষোভ প্রকাশ করে একে বর্ণবাদী ও হতাশাজনক বলে মন্তব্য করেছেন। তিনি নেভাদাকে তার শোতে আমন্ত্রণ জানানোর পাশাপাশি ক্রীড়াজগতের মানুষদের শিশুটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সাবেক এনএফএল তারকা রবার্ট গ্রিফিন থ্রি এবং বব মার্লির মেয়ে সেডেলা মার্লিও নেভাদার প্রতি সমর্থন জানিয়েছেন। এদিকে, নেভাদার মা মারটাসিয়া জানান, এই ঘটনায় তার ছেলে মানসিকভাবে আঘাত পেয়েছে এবং ওই মাঠে আর খেলতে যেতে চাইছে না। তবে সুখবর হলো, আগামী জানুয়ারিতে অরল্যান্ডোতে সাবেক পেশাদার ফুটবলার এডি জনসনের একটি প্রশিক্ষণ কার্যক্রমে যোগ দিতে যাচ্ছে নেভাদা। তার ফুটবলের প্রতিভা বিকাশে সহায়তার জন্য খোলা একটি 'গোফান্ডমি' ক্যাম্পেইনে এরই মধ্যে সাড়ে ২০ হাজার ডলারের বেশি অনুদান জমা পড়েছে।