বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে ডেটা সেন্টারে চোরদের হানা, হলিউডি কায়দায় চুরি ১০ কোটি ডলারের এআই সরঞ্জাম
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১০ এএম
বিজ্ঞাপন
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অভাবনীয় প্রসারের সঙ্গে সঙ্গে এবার সংঘবদ্ধ অপরাধীদের নজর পড়েছে এর মূল্যবান সরঞ্জামের ওপর। অভিনব ডিজিটাল প্রতারণা ও হলিউড অ্যাকশন সিনেমার মতো দুঃসাহসিক কায়দায় ডেটা সেন্টার নির্মাণের মূল্যবান যন্ত্রাংশ লুট করছে চোরেরা।
এনবিসি নিউজের এক প্রতিবেদন অনুযায়ী, গত জুন মাস থেকে এখন পর্যন্ত ১০ কোটি ডলারের বেশি মূল্যের এআই সরঞ্জাম চুরি হয়েছে। চুরি যাওয়া এসব মূল্যবান পণ্যের মধ্যে রয়েছে দামি সেমিকন্ডাক্টর চিপ, ফাইবার অপটিক ক্যাবল, সার্ভার, তামার তার এবং বিটকয়েন মাইনিং মেশিন। এআই প্রযুক্তির পেছনে বিভিন্ন কোম্পানি যখন বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করে দ্রুত ডেটা সেন্টার নির্মাণের কাজ করছে, ঠিক তখনই এমন চুরির হিড়িক পড়েছে।
কার্গো চুরি ঝুঁকি মূল্যায়নকারী প্রতিষ্ঠান ভেরিস্ক কার্গোনেটের প্রধান কিথ লুইস এই পরিস্থিতিকে 'খাঁটি সোনার বার চুরির' সঙ্গে তুলনা করে বলেছেন, ব্যাংক ডাকাতির চেয়ে এসব যন্ত্রাংশ চুরি করা অপরাধীদের কাছে এখন অনেক সহজ।
২০২৫ সালের পর থেকে ক্যালিফোর্নিয়া, টেক্সাস এবং উটাহর মতো অঙ্গরাজ্যগুলোতে অন্তত দুই ডজন কার্গো চুরির ঘটনা রেকর্ড করা হয়েছে। চুরির কৌশল হিসেবে অপরাধীরা ফ্রেইট ব্রোকারদের অ্যাকাউন্ট হ্যাক করছে এবং ম্যালওয়্যার লিংকের মাধ্যমে বৈধ শিপিং কোম্পানিগুলোর সিস্টেমের নিয়ন্ত্রণ নিচ্ছে।
এরপর ভুয়া ড্রাইভিং লাইসেন্স ও পরিচয়ে নিজেদের লোকদের নিয়োগ দিয়ে অত্যন্ত সুকৌশলে পণ্য গায়েব করে দিচ্ছে। নজরদারি এড়াতে জিপিএস লোকেশন বা ট্র্যাকিং স্থানাঙ্ক পরিবর্তন করে দেওয়ার মতো অত্যাধুনিক সাইবার কৌশলও ব্যবহার করছে তারা। ইলিনয়েসের কুক কাউন্টিতে এভাবেই প্রায় তিন লাখ ডলারের তামার তার এবং ১০ লাখ ডলারের ডেটা সেন্টার সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছে। তবে চুরির ধরন শুধু সাইবার জগতেই সীমাবদ্ধ নেই, পথে পাহারারত নিরাপত্তাকর্মীদের ওপর সরাসরি হামলার ঘটনাও ঘটছে।
জর্জিয়ার একটি বিশাল ডেটা সেন্টারের জন্য নিয়ে যাওয়া ১৩ মিলিয়ন (১ কোটি ৩০ লাখ) ডলারের সার্ভার সরঞ্জাম পাহারায় থাকা দুই পুলিশ কর্মকর্তার গাড়িতে একটি নম্বরপ্লেটবিহীন গাড়ি দিয়ে ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারে অপরাধীরা। লস অ্যাঞ্জেলেস কাউন্টির সাবেক শেরিফ ডেপুটি ও বর্তমান প্রাইভেট ইনভেস্টিগেটর জেরার্ডো পাচুকা নিশ্চিত করেছেন যে, এটি কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না; বরং কার্গো ছিনতাইয়ের জন্যই পরিকল্পিতভাবে ওই হামলা চালানো হয়। একইভাবে ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসগামী প্রায় ১ কোটি ডলার মূল্যের সার্ভার র্যাক বহনকারী একটি কনভয়ের নিরাপত্তা গাড়িতেও ধাক্কা দিয়ে মালামাল লুট করা হয়।
তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, চুরি করা এসব বিশাল যন্ত্রাংশ পরবর্তীতে খুলে 'গ্রে মার্কেট' বা অবৈধ বাজারে সস্তায় বিভিন্ন টেক কোম্পানির কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। এমনকি এসব মূল্যবান মার্কিন প্রযুক্তির একটি বড় অংশ পাচার হয়ে যাচ্ছে বিদেশে, বিশেষ করে চীনে। ক্রমবর্ধমান এই চুরি ঠেকাতে বর্তমানে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা এবং বিভিন্ন অঙ্গরাজ্যের বিশেষ টাস্কফোর্স নড়েচড়ে বসেছে এবং সাপ্লাই চেইনের নিরাপত্তা নিশ্চিতে চালকদের পটভূমি যাচাইয়ের ওপর জোর দিচ্ছে।