বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে ৩৫ মাইল দূরে বসে ক্যানসার রোগীর অস্ত্রোপচার, রোবট দিয়ে প্রস্টেট অপসারণ
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৯ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে প্রথমবারের মতো দুই হাসপাতালের মধ্যে দূরনিয়ন্ত্রিত রোবোটিক সার্জারি বা ‘টেলিসার্জারি’ সফলভাবে সম্পন্ন হয়েছে। ফ্লোরিডার এক সার্জন ৩৫ মাইল দূরে অবস্থান করে রোবট নিয়ন্ত্রণের মাধ্যমে ৬৬ বছর বয়সী এক ক্যানসার রোগীর প্রস্টেট অপসারণ করেছেন।
গত রোববার অরল্যান্ডোর কাছে অবস্থিত অ্যাডভেন্টহেলথ সেলিব্রেশন-এর ‘গ্লোবাল রোবোটিকস ইনস্টিটিউট’-এর প্রতিষ্ঠাতা ও মেডিকেল ডিরেক্টর ডা. বিপুল প্যাটেল এই অস্ত্রোপচারটি পরিচালনা করেন। এ সময় মার্ক নামের ওই রোগী মিনোলা শহরের অ্যাডভেন্টহেলথ হাসপাতালে ছিলেন, আর চিকিৎসক প্যাটেল সেলিব্রেশন শহরের অন্য একটি হাসপাতাল থেকে রোবটিক যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করছিলেন।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, এটি যুক্তরাষ্ট্রের ভেতরে দুটি আলাদা স্থানে সম্পন্ন হওয়া প্রথম দূরনিয়ন্ত্রিত সার্জারি। টেলিসার্জারি ব্যবস্থার নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা যাচাইয়ের জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) বিশেষ অনুমোদনের আওতায় একটি ক্লিনিক্যাল গবেষণার অংশ হিসেবে এই অস্ত্রোপচার করা হয়।
জরুরি প্রয়োজনে রোগীর পাশে তাৎক্ষণিক সহায়তা দেওয়ার জন্য সার্জন মার্সিও মোসকোভাসের নেতৃত্বে একটি মেডিকেল দল উপস্থিত ছিল। সফল অস্ত্রোপচারের পর ওই রোগী দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ডা. বিপুল প্যাটেল এক বিবৃতিতে জানান, এই পদ্ধতির মাধ্যমে ভৌগোলিক দূরত্ব ঘুচিয়ে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার সম্ভাবনা তৈরি হলো। তবে এই পদ্ধতিতে সংযোগ বিচ্ছিন্ন হওয়া বা সাইবার হামলার মতো প্রযুক্তিগত ঝুঁকি থাকায় এর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখনো গবেষণা চলছে। এর মাত্র কয়েক মাস আগেই লন্ডনের এক সার্জন থ্রিডি ক্যামেরা ও চার হাতের একটি রোবট ব্যবহার করে প্রায় ১,৫০০ মাইল দূরে জিব্রালটারে অবস্থানরত এক রোগীর সফলভাবে প্রস্টেট অপসারণ করে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিলেন।