বিজ্ঞাপন
নিউইয়র্কে ৭৩২ ডলার থেকে অ্যাপার্টমেন্ট ভাড়ার সুযোগ, ব্রঙ্কসে শুরু আবাসন লটারি
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৮ এএম
বিজ্ঞাপন
নিউইয়র্ক সিটিতে বসবাসরত স্বল্প ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য সাশ্রয়ী মূল্যে মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে নতুন আবাসন লটারি চালু হয়েছে। নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম পিক্স১১-এর তথ্য অনুযায়ী, শহরের ব্রঙ্কস এলাকার চারটি আবাসিক ভবনে এক থেকে তিন শয়নকক্ষের মোট ৩০টি অ্যাপার্টমেন্টের জন্য এই লটারি উন্মুক্ত করা হয়েছে।
মরিস হাইটস, ইউনিভার্সিটি হাইটস এবং হান্টস পয়েন্ট এলাকার ১৬৪৭ পপহ্যাম অ্যাভিনিউ, ৮৪৪ ফেইল স্ট্রিট, ২২৭৫ লরিং প্লেস নর্থ এবং ৩০ ওয়েস্ট ১৮২তম স্ট্রিটের ভবনগুলোতে এই সুযোগ পাওয়া যাবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নিউইয়র্ক সিটির সরকারি আবাসন পোর্টাল 'এনওয়াইসি হাউজিং কানেক্ট'-এর মাধ্যমে নিজেদের সদস্যসংখ্যা ও বার্ষিক আয়ের ভিত্তিতে এই লটারিতে আবেদন করতে পারবেন।
এই লটারির আওতায় সবচেয়ে সাশ্রয়ী এক শয়নকক্ষের দুটি অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ৭৩২ ডলার, যার জন্য এক থেকে তিন সদস্যের পরিবারের বার্ষিক আয় ২৯ হাজার ৪১৮ থেকে ৪৫ হাজার ৮১০ ডলারের মধ্যে হতে হবে (সম্পদের সর্বোচ্চ সীমা ৫০ হাজার ৮৮০ ডলার)।
এ ছাড়া এক শয়নকক্ষের আরও নয়টি অ্যাপার্টমেন্ট ১ হাজার ৩৬৯ ডলারে এবং পাঁচটি অ্যাপার্টমেন্ট ২ হাজার ৫ ডলারে ভাড়া নেওয়ার সুযোগ রয়েছে, যেগুলোর জন্য আয়ের সীমা যথাক্রমে ৫১ হাজার ২৫৮ থেকে ৭৬ হাজার ৩৫০ ডলার এবং ৭৩ হাজার ৬৩ থেকে ১ লাখ ৬ হাজার ৮৯০ ডলার।
দুই শয়নকক্ষের ক্ষেত্রে ১ হাজার ৬২৭ ডলার ও ২ হাজার ৩৯০ ডলার ভাড়ার দুটি শ্রেণি রাখা হয়েছে, যেখানে দুই থেকে পাঁচ সদস্যের পরিবারের বার্ষিক আয়ের নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়েছে। বড় পরিবারের জন্য রয়েছে ১ হাজার ৮৬৩ ডলার ভাড়ার তিন শয়নকক্ষের একটি অ্যাপার্টমেন্ট, যেখানে তিন থেকে সাতজন সদস্য থাকতে পারবেন।
আবাসন প্রকল্পগুলোর নির্দিষ্ট কিছু ভবনে বাসিন্দাদের জন্য বাড়তি সুবিধাও যুক্ত করা হয়েছে। এর মধ্যে ৮৪৪ ফেইল স্ট্রিটের অ্যাপার্টমেন্টে নিজস্ব লন্ড্রি ব্যবস্থা এবং ১৬৪৭ পপহ্যাম অ্যাভিনিউ ও ৩০ ওয়েস্ট ১৮২তম স্ট্রিটের ভবনে এলিভেটর সুবিধা রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এসব অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়ার সঙ্গেই ঘর গরম রাখার গ্যাসের খরচ অন্তর্ভুক্ত থাকবে। তবে দৈনন্দিন ব্যবহারের বিদ্যুৎ বিল ভাড়াটিয়াদের নিজেদেরই আলাদাভাবে পরিশোধ করতে হবে। প্রতিটি ক্যাটাগরিতে আবেদনকারীদের জন্য আয়ের পাশাপাশি সম্পদের নির্দিষ্ট সর্বোচ্চ সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে, যা যাচাই-বাছাই শেষে চূড়ান্ত করা হবে।