Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে কেয়ারারদের বিতর্কিত সেই কড়া নিয়ম বাতিল,তবে রয়েছে শর্ত

Icon

যুক্তরাজ্য প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৮ এএম

যুক্তরাজ্যে কেয়ারারদের বিতর্কিত সেই কড়া নিয়ম বাতিল,তবে রয়েছে শর্ত

বিজ্ঞাপন

যুক্তরাজ্যে অবৈতনিক কেয়ারারদের ওপর হাজার হাজার পাউন্ড জ*রিমানা আরোপ করা বহুল বিতর্কিত সেই কড়া নিয়ম বাতিল হতে যাচ্ছে। আগামী বুধবার বাজেট ঘোষণায় দেশটির চ্যান্সেলর জন হিলি কেয়ারারস অ্যালাউন্সের জন্য নতুন একটি ডিজিটাল টেপার ব্যবস্থা চালুর ঘোষণা দেবেন।

দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানে উঠে আসে যে কোনো দোষ ছাড়াই সামান্য বাড়তি আয়ের কারণে বহু কেয়ারারকে অপ*রাধীদের মতো বড় অঙ্কের আর্থিক দায়ের মুখে পড়তে হয়েছিল। নতুন এই নিয়মে আয়ের সীমা সামান্য বাড়লেও আগের মতো পুরো ভাতা বাতিল না করে আয়ের সাথে সামঞ্জস্য রেখে তা সমন্বয় করা হবে। সরকারের এমন সিদ্ধান্তে যুক্তরাজ্যের লাখ লাখ কেয়ারার দীর্ঘদিনের উদ্বেগ ও চরম আর্থিক ক্ষতি থেকে মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

যুক্তরাজ্যের প্রচলিত নিয়মানুযায়ী, কোনো কেয়ারার সপ্তাহে ২০৪ পাউন্ডের চেয়ে মাত্র এক পেনি বেশি আয় করলেই তার সপ্তাহের পুরো ৮৬ পাউন্ড ৪৫ পেন্সের ভাতা বাতিল হয়ে যেত।

দ্য গার্ডিয়ানের অনুসন্ধানী প্রতিবেদনে দেখা যায়, ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস বা ডিডব্লিউপি বিষয়টি জানলেও কেয়ারারদের সতর্ক করেনি। ফলে অজান্তেই বছরের পর বছর ধরে লাখ লাখ পাউন্ডের ঋণে জড়িয়ে পড়েন প্রায় এক লাখ ৮০ হাজার কেয়ারার, যা নিয়ে সমাজকর্মী লিজ সেসের তদন্তেও চরম অব্যবস্থাপনার প্রমাণ মেলে।

চ্যান্সেলর জন হিলি জানান, বাড়তি সামান্য আয়ের জন্য কাউকে ভাতার সবটুকু সুবিধা থেকে বঞ্চিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বুধবারের বাজেটে ঘোষিত নতুন নিয়মে নির্ধারিত সীমার ওপর প্রতি এক পাউন্ড আয়ের জন্য ভাতা থেকে কেবল এক পাউন্ড কেটে নেওয়া হবে। ফলে বাড়তি সময় কাজ করলে বা পদোন্নতি পেলে কেয়ারারদের আর হঠাৎ করে পুরো আর্থিক সহায়তাই হারিয়ে ফেলার ভয় থাকবে না।

সরকারের এই উদ্যোগকে দীর্ঘ প্রতীক্ষিত এবং সময়োপযোগী সংস্কার হিসেবে স্বাগত জানিয়েছে ‘কেয়ারার্স ট্রাস্ট’ ও ‘কেয়ারার্স ইউকে’। কেয়ারার্স ট্রাস্টের প্রধান নির্বাহী কার্স্টি ম্যাকহিউ এবং কেয়ারার্স ইউকের পরিচালক এমিলি হোলজহাউসেন জানান, পুরনো নিয়মের কারণে বহু মানুষ অতিরিক্ত আয়ের সুযোগ বা পদোন্নতি ফিরিয়ে দিতে বাধ্য হতেন। ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি প্যাট ম্যাকফাডেনও নিশ্চিত করেছেন যে কেয়ারারদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতেই সরকার এই ব্যবস্থা নিচ্ছে।

কেয়ারারদের এই সুবিধার পাশাপাশি বাজেটে প্রায় দেড় লাখ নতুন মা-বাবাকে সপ্তাহে সর্বোচ্চ ১৯৪ পাউন্ড পর্যন্ত সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া কর্মীদের যাতায়াতে করমুক্ত মাইলেজ সুবিধা স্থায়ী করার পাশাপাশি জাতীয় ন্যূনতম মজুরি বাড়িয়ে ঘণ্টায় প্রায় ১৩ পাউন্ড ২০ পেন্স করার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ও চ্যান্সেলর হিলির মতে, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো এবং প্রতিদিনের সংকটগুলো দূর করতেই এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার