বিজ্ঞাপন
ব্রিটেনে দুই শক্তিশালী ঝড়ের তাণ্ডবে দুজনের মৃত্যু
এখনও বিদ্যুৎহীন প্রায় ৯০,০০০ বাড়ি
যুক্তরাজ্য প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫০ এএম
বিজ্ঞাপন
যুক্তরাজ্যে পরপর দুটি শক্তিশালী ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জনজীবন এবং গাছ ভেঙে পড়ে দুজনের মৃ*ত্যু হয়েছে। ‘অস্টেন’ ও ‘বোয়েলো’ নামের এই ঝড় দুটির আ*ঘাতে দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক বন্যা ও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
ঝড়ের পর সোমবার থেকে বিভিন্ন অঞ্চলে জরুরি পরিচ্ছন্নতা ও উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন। হাজার হাজার পরিবার এখনো বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে এবং যোগাযোগ ব্যবস্থায় মারাত্মক বিঘ্ন ঘটেছে। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, সামনে আরও শক্তিশালী ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দমকা হাওয়ায় গাছ ভেঙে পড়ে পৃথক দুটি স্থানে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। ডামফ্রিস অ্যান্ড গ্যালোওয়ে এলাকায় গাছ ভেঙে পড়ে লোগান বোটানিক গার্ডেনের ৬০ বছর বয়সী কিউরেটর রিচার্ড বেইন্স প্রাণ হারান। অন্যদিকে উত্তর লন্ডনের ফিঞ্চলে এলাকায় গাছচাপায় বিশোর্ধ্ব এক যুবক মারা গেছেন।
ঝড়ের কারণে সপ্তাহজুড়ে লাখ লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছিলেন। এনার্জি নেটওয়ার্কস অ্যাসোসিয়েশন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত প্রায় সাত লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার করা হলেও এখনো হাজার হাজার বাড়িঘর অন্ধকারে রয়েছে।
সংস্থার প্রধান নির্বাহী লরেন্স স্লেড জানান, একটি ঝড়ের পরপরই আরেকটি ঝড় আঘাত হানা এবং একটানা তীব্র বাতাসের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় মেরামত কাজ চালাতে কর্মীদের চরম বেগ পেতে হচ্ছে।
ঝড়ের প্রভাবে স্কটল্যান্ডের লার্গস শহরের কেন্দ্রস্থলসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে এবং পানির নিচে তলিয়ে গেছে বহু ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান। সল্টকোটসের একটি কেয়ার হোমে পানি ঢুকে পড়ায় জরুরি সেবা দল সেখানে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। বৈরী আবহাওয়ার কারণে আবারডিনশায়ার ও হাইল্যান্ডসের অন্তত ২৪টি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় লিডস ব্র্যাডফোর্ড বিমানবন্দর থেকে একাধিক ফ্লাইট বাতিল ও ঘুরিয়ে দেওয়া হয় এবং ট্রেনের শিডিউলে বিপর্যয় ঘটে। যুক্তরাজ্যের আবহাওয়া অফিস স্কটল্যান্ড এবং পশ্চিম উপকূলীয় এলাকার জন্য নতুন করে হলুদ সতর্কতা জারি করেছে।
সংস্থাটি জানিয়েছে, বিভিন্ন অঞ্চলে ঘণ্টায় ৬৫ থেকে ৮৫ মাইল বেগে বাতাস বয়ে যেতে পারে, তাই উপকূলীয় এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।