বিজ্ঞাপন
‘অপ্রয়োজনীয়’ কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পিএম
বিজ্ঞাপন
নিরাপত্তাঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কায় সৌদি আরবে অবস্থানরত অপ্রয়োজনীয় মার্কিন সরকারি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস এ নির্দেশনা জারি করেছে।
সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে বিমানবন্দর লক্ষ্য করে হুথিদের হামলার প্রেক্ষাপটে এ সতর্কতা জারি করা হয়েছে বলে আল-জাজিরার এক প্রতিবেদন জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন দূতাবাস জানায়, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় অপ্রয়োজনীয় কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের সৌদি আরব ত্যাগ করতে বলা হয়েছে। একই সঙ্গে দেশটির বিভিন্ন বিমানবন্দর ও অবকাঠামোয় হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়, চলমান শত্রুতা দ্রুত সংশ্লিষ্ট নির্দিষ্ট এলাকার বাইরেও ছড়িয়ে পড়তে পারে। এতে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে দেশটির বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম ব্যাহত হতে পারে বলেও সতর্ক করেছে মার্কিন দূতাবাস। প্রয়োজনের ক্ষেত্রে বিমানবন্দর ব্যবহারের সময় যুক্তরাষ্ট্রের নাগরিকদের ‘চরম সতর্কতা’ অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাসের এ নির্দেশনায় সৌদি আরবে নিরাপত্তাঝুঁকি বৃদ্ধি এবং বিমান চলাচলে সম্ভাব্য বিঘ্নের বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে কি না, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি।