Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় দুটি সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৭

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ এএম

দক্ষিণ আফ্রিকায় দুটি সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৭

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশিসহ সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন নারী। এসব দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

শনিবার (২৪ অক্টোবর) নর্দার্ন কেপ প্রদেশের স্প্রিংবকে সড়ক দুর্ঘটনায় নিহত হন বাংলাদেশি প্রবাসী মো. রুবেল (৩৯)। একই দিন পূর্ব কেপ প্রদেশের অ্যাবারডিনের কাছে মিনিবাস ট্যাক্সি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয় নারী নিহত হন।

স্থানীয় প্রবাসী মেহেদি হাসান জানান, শনিবার দুপুরের পর দোকানের মালামাল কিনে ফেরার পথে হাইওয়েতে দুর্ঘটনার শিকার হন রুবেল। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গাড়িতে থাকা আরেক বাংলাদেশি আহত হয়েছেন। তবে তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

নিহত রুবেল নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধুপুর গ্রামের চুন বেপারী বাড়ির মৃত শাহ আলমের বড় ছেলে। ২০২৩ সালে জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় যান তিনি। সেখানে ফুফাতো ভাই আমির হোসেনের দোকানে কাজ করতেন।

প্রবাসী নাসির উদ্দিন জানান, দোকানের মালিক দেশে চলে যাওয়ায় রুবেল নতুন করে গাড়ি চালানো শিখেছিলেন। শনিবার দোকানের জন্য মালামাল কিনে ফেরার পথে হাইওয়েতে দুর্ঘটনার শিকার হন তিনি।

রুবেলের স্ত্রী, দুই সন্তান, বৃদ্ধ মা ও ছোট ভাই দেশে রয়েছেন। ফুফাতো ভাই আমির হোসেন ছুটি শেষে দক্ষিণ আফ্রিকায় ফিরলে তাঁর দেশে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে সেই অপেক্ষা আর পূরণ হলো না। দেশে ফিরতে হচ্ছে তাঁকে নিথর দেহে।

অন্যদিকে, শনিবার সকালে পূর্ব কেপ প্রদেশের অ্যাবারডিন শহরের বাইরে আর-৬১ সড়কে মিনিবাস ট্যাক্সি ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয় নারী নিহত হন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন।

দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম ইএনসিএ ও এসএবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, মিনিবাস ট্যাক্সিটি পশ্চিম কেপের বিউফোর্ট ওয়েস্ট থেকে পূর্ব কেপের দিকে যাচ্ছিল। এতে ১৬ জন যাত্রী ছিলেন। ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর আরও দুটি গাড়ি দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। এতে একটি কিয়া রিও গাড়ির এক আরোহী আহত হন।

পূর্ব কেপ প্রদেশের পরিবহণ বিভাগের মুখপাত্র উনাথি বিনকোসে জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। চালকের ক্লান্তি দুর্ঘটনার সম্ভাব্য কারণগুলোর একটি হতে পারে।

এ ঘটনায় অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের অভিযোগে মামলা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার