বিজ্ঞাপন
দুবাইয়ে ১৬ কেজি ওজনের স্বর্ণের কানের দুল, দুই বিশ্বরেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০১:৩০ পিএম
বিজ্ঞাপন
দুবাইয়ে তৈরি ১৬ কেজিরও বেশি ওজনের এক জোড়া সোনার কানের দুল সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের দুটি নতুন বিশ্বরেকর্ড গড়েছে। ২২ ক্যারেট সোনায় তৈরি এই দুল জোড়া বিশ্বের সবচেয়ে ভারী এবং সবচেয়ে বড় সোনার দুল হিসেবে স্বীকৃতি পেয়েছে।
শনিবার দুবাই গোল্ড ডিস্ট্রিক্টে অবস্থিত মধ্যপ্রাচ্যের বৃহত্তম জুয়েলারি শোরুম ‘জুয়েল অব জয়’-এ আনুষ্ঠানিকভাবে দুল দুটি উন্মোচন করা হয়।
‘এ থাউজেন্ড পিকক’ বা ‘এক হাজার ময়ূর’ নামের এই বিশাল কানের দুল তৈরি করেছে বিখ্যাত জুয়েলারি প্রতিষ্ঠান জুয়ালুক্কাস। এর সম্মিলিত নিট ওজন ১৬ দশমিক ৫১৪ কেজি, যা আগের বিশ্বরেকর্ডের তুলনায় পাঁচ গুণেরও বেশি।
১ দশমিক ২১৫ মিটার লম্বা এবং ০ দশমিক ৬৮২ মিটার ব্যাসের দুল দুটি ৫৫ জন দক্ষ কারিগর প্রায় ৫ হাজার ৮৪০ ঘণ্টা সময় নিয়ে তৈরি করেছেন। দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী ‘ঝুমকা’র আদলে তৈরি দুলটির নকশায় ময়ূরের সৌন্দর্যকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
জুয়ালুক্কাস গ্রুপের চেয়ারম্যান ড. জয় আলুক্কাস ও প্রধান নির্বাহী জন পল আলুক্কাস জানান, দুবাইয়ের দীর্ঘদিনের উন্নয়নযাত্রা এবং সোনার শহর হিসেবে এর পরিচিতিকে সম্মান জানাতেই এই অনন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্বরেকর্ড গড়া এই সোনার দুল দুটি এখন থেকে ‘জুয়েল অব জয়’ শোরুমে স্থায়ীভাবে প্রদর্শন করা হবে, যেখানে পর্যটকসহ সবাই বিনা মূল্যে তা দেখার সুযোগ পাবেন।