Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

জরুরি পরিস্থিতির জন্য ঘরে নগদ অর্থ রাখার পরামর্শ ব্রিটিশ সরকারের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ এএম

জরুরি পরিস্থিতির জন্য ঘরে নগদ অর্থ রাখার পরামর্শ ব্রিটিশ সরকারের

বিজ্ঞাপন

জাতীয় জরুরি পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাজ্যের নাগরিকদের ঘরে নগদ টাকা এবং তিন দিনের খাবার মজুদের পরামর্শ দিয়েছে দেশটির সরকার। বিদ্যুৎ বিভ্রাট বা ইন্টারনেটের সমস্যার কারণে ইলেকট্রনিক পেমেন্ট ও এটিএম বুথ সাময়িক অচল হয়ে পড়ার আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছে।

ব্রিটিশ সরকারের ক্যাবিনেট অফিস নাগরিকদের যেকোনো আকস্মিক সং*কটের জন্য প্রস্তুত থাকতে এমন নির্দেশনা দিয়েছে। তীব্র দাবদাহ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জরুরি পরিষেবা বিঘ্নিত হওয়ার প্রেক্ষাপটে তিন বছর মেয়াদী এই সচেতনতামূলক কার্যক্রম শুরু হলো। এর আগে সম্ভাব্য যু*দ্ধকালীন পরিস্থিতির মতো জাতীয় সংকট মোকাবেলায় জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছিল যুক্তরাজ্য প্রশাসন।

যুক্তরাজ্যের ক্যাবিনেট অফিস থেকে প্রকাশিত নতুন নির্দেশনায় বলা হয়েছে, তীব্র বৈরী আবহাওয়ার কারণে বিদ্যুৎ, পানি ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। এমন পরিস্থিতিতে কার্ড বা এটিএম সেবা বন্ধ হয়ে গেলে দৈনন্দিন কেনাকাটা সচল রাখতে প্রতিটি পরিবারকে নির্দিষ্ট পরিমাণ নগদ কাগজের নোট ও ধাতব মুদ্রা ঘরে রাখার তাগিদ দেওয়া হয়েছে।

সরকারের ‘ইউকে বি রেডি’ ওয়েবসাইটের বরাতে জানানো হয়, যেকোনো সংকটের প্রথম তিন দিন নিজেদের সামাল দিতে পারলে জরুরি সেবা সংস্থাগুলো সহজে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারে। তবে নাগরিকদের একবারে সব জিনিসপত্র না কিনে ধীরে ধীরে ধাপে ধাপে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

নগদ অর্থের পাশাপাশি ঘরে অন্তত তিন দিনের বোতলজাত পানি, শুকনো খাবার ও প্রয়োজনীয় ওষুধপত্র মজুদের কথা বলা হয়েছে নির্দেশনায়। এছাড়া পাসপোর্ট, জন্মনিবন্ধন, জীবনবীমা ও প্রয়োজনীয় চিকিৎসার নথিপত্রের প্রিন্ট করা কপি হাতের কাছে রাখার আহ্বান জানিয়েছে প্রশাসন।

ক্যাবিনেট অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, ইউরোপের বিভিন্ন দেশে আগে থেকেই এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি চালু রয়েছে। গত শীতের ঝড় এবং চলতি গ্রীষ্মের দাবদাহে জনজীবন ব্যাহত হওয়ার অভিজ্ঞতা থেকেই যুক্তরাজ্যজুড়ে তিন বছর মেয়াদী এই নতুন প্রচারণা শুরু করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার