Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

পুলিশের উপস্থিতিতে নারী চিকিৎসককে চড়, প্রতিবাদে চিকিৎসকরা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০১:২০ এএম

পুলিশের উপস্থিতিতে নারী চিকিৎসককে চড়, প্রতিবাদে চিকিৎসকরা

বিজ্ঞাপন

ভারতের মহারাষ্ট্রের ওয়ার্ধা জেলায় একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পুলিশ সদস্যদের উপস্থিতিতেই এক নারী চিকিৎসককে চড় মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চিকিৎসকদের নিরাপত্তা এবং পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সরকারি চিকিৎসকরা।

শনিবার (২৪ অক্টোবর) টামস নাউয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পিটিআইয়ের বরাতে তলেগাঁও পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঙ্গেশ ভোয়ার জানান, গত বুধবার (২১ অক্টোবর) আষ্টি তালুকের তলেগাঁও শ্যামজী পান্ত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কাদির আলী নামের এক অভিযুক্তকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যায় পাঁচ সদস্যের একটি পুলিশ দল। পরীক্ষা চলাকালে অভিযুক্ত কাদির আলী কর্তব্যরত চিকিৎসক ডা. শ্রদ্ধা ভূমড়েকে চড় মারেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ঘটনার পর অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলনে নামেন সরকারি চিকিৎসকরা। একই সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত পাঁচ পুলিশ সদস্যের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন তারা। এ ঘটনায় কাদির আলীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৩২ নম্বর ধারা এবং মহারাষ্ট্রের চিকিৎসাসেবা-সংক্রান্ত আইনে মামলা করেছে পুলিশ। পাশাপাশি ঘটনার তদন্ত চলছে।

ভারতে চিকিৎসকদের ওপর হামলা ও তাঁদের নিরাপত্তার বিষয়টি ক্রমেই উদ্বেগের কারণ হয়ে উঠছে। গত জুলাইয়ে শাস্ত্রী নগর হাসপাতালে এক চিকিৎসককে মারধরের অভিযোগে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার কাউন্সিলর রমেশ মাত্রের জামিন বাতিল করেন সুপ্রিম কোর্ট। এ সময় বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতার বেঞ্চ পর্যবেক্ষণে বলেন, চিকিৎসকদের ওপর হামলা কোনোভাবেই সহ্য করা হবে না।

এ ছাড়া গত ৫ সেপ্টেম্বর পালঘরে হাসপাতালের কর্মীদের ওপর হামলার অভিযোগে শিবসেনার ১৭ জন নেতা-কর্মী ও সমর্থকের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার