বিজ্ঞাপন
ইয়েমেনে সৌদির বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১০:০২ পিএম
বিজ্ঞাপন
ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এ হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হুতি-নিয়ন্ত্রিত গণমাধ্যম। নিহত ব্যক্তিদের মধ্যে ছয় নারী ও এক শিশু রয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৪ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন জোট সৌদি আরবের বিভিন্ন শহর লক্ষ্য করে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানায়। এর কিছুক্ষণ পরই ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলার খবর প্রকাশ করে হুতিদের গণমাধ্যম।
হুতিনিয়ন্ত্রিত সম্প্রচারমাধ্যম আল-মাসিরাহর তথ্য অনুযায়ী, সানায় একাধিক বিমান হামলা চালানো হয়েছে। এ ঘটনায় অন্তত চারজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
এ ছাড়া সানা গভর্নরেটের একটি সিমেন্ট কারখানার শ্রমিকদের আবাসিক ভবনে হামলায় ছয় নারী ও এক শিশু নিহত হয়েছেন বলে জানিয়েছে আল-মাসিরাহ। ওই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে গণমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে ইয়েমেনের সরকারি বাহিনী দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় হুতিদের অবস্থান লক্ষ্য করে প্রায় ১ হাজার ৪০০টি হামলা চালানো হয়েছে। এসব অভিযানে হুতিদের ৬২০ যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে বলেও দাবি করেছে তারা।