Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ঝড়ের কবলে ইংল্যান্ড, বিদ্যুৎহীন হাজার হাজার বাড়ি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০১:১০ এএম

ঝড়ের কবলে ইংল্যান্ড, বিদ্যুৎহীন হাজার হাজার বাড়ি

বিজ্ঞাপন

শক্তিশালী ঝড় অস্টিনের আ*ঘাতে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের হাজার হাজার বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রচণ্ড বাতাসের কারণে কর্নওয়ালসহ বিভিন্ন এলাকার বহু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বৈরী আবহাওয়ায় ইংল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ড জুড়ে ট্রেন চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। প্রথম ঝড়ের রেশ কাটতে না কাটতেই যুক্তরাজ্যে আরেকটি নতুন ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী এন্ডি বার্নহাম সবাইকে প্রয়োজনীয় আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার সকালে যুক্তরাজ্যে বছরের প্রথম নামযুক্ত ঝড় অস্টিন তীব্র গতিতে আছড়ে পড়ে। আইলস অব সিলির সেন্ট মেরিস বিমানবন্দরে বাতাসের গতিবেগ সর্বোচ্চ ঘণ্টায় ৭৬ মাইল রেকর্ড করা হয়। ন্যাশনাল গ্রিডের তথ্য অনুযায়ী, ঝড়ের তাণ্ডবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৬ হাজারেরও বেশি বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে, যার মধ্যে ১২ হাজার বাড়িতে দ্রুত সংযোগ ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।

প্রচণ্ড বাতাস ও উত্তাল ঢেউয়ের ধাক্কায় ব্রাইটনের ঐতিহাসিক ওয়েস্ট পিয়ারের একটি অংশ সাগরে ভেঙে পড়েছে। ১৮৬৬ সালে নির্মিত এই ঐতিহাসিক জেটিটি ১৯৭৫ সালে বন্ধ হওয়ার পর থেকেই দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। এছাড়া কর্নওয়ালের বহু স্কুল শুক্রবার সকালে দেরিতে খোলে কিংবা পুরোপুরি বন্ধ রাখা হয় এবং রেল যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়।

প্রথম ঝড়ের প্রভাব কাটতে না কাটতেই আবহাওয়া অফিস বোয়েলো নামের দ্বিতীয় ঝড়ের জন্য নতুন করে অ্যাম্বার সতর্কবার্তা জারি করেছে। শনিবার রাত ৯টা থেকে রবিবার পর্যন্ত স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড এবং উত্তর ইংল্যান্ডের ওপর দিয়ে এই ঝড় বয়ে যেতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, উপকূলীয় এলাকায় বাতাসের গতি ঘণ্টায় ৮০ মাইল পর্যন্ত পৌঁছাতে পারে এবং গাছপালা উপড়ে গিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির ঝুঁকি রয়েছে।

লিভারপুলের এইনট্রিতে আয়োজিত এক সম্মেলনে প্রধানমন্ত্রী এন্ডি বার্নহাম বলেন, দেশটিতে শীতকালীন সময়ে বন্যার ঝুঁকি বাড়ছে এবং সবাইকে এই বাস্তব ঝুঁকি মেনে নিয়ে প্রস্তুতি নিতে হবে। জরুরি পরিস্থিতি মোকাবেলায় ঘরে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী মজুদের সরকারি পরামর্শের কথা উল্লেখ করে তিনি জানান, সাধারণ মানুষকে যেকোনো অপ্রত্যাশিত সংকট থেকে রক্ষা করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার