বিজ্ঞাপন
নিউইয়র্কে মেডিকেইডে ৫ লাখ ডলারের বেশি জালিয়াতির অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ এএম
বিজ্ঞাপন
নিউইয়র্ক সিটির স্ট্যাটেন আইল্যান্ডে প্রবীণদের সেবা দেওয়ার নামে মেডিকেইড ও দীর্ঘমেয়াদি পরিচর্যা প্রতিষ্ঠানগুলোর কাছে ভুয়া বিল জমা দেওয়ার অভিযোগে এক মা ও মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসিকিউটরদের অভিযোগ, প্রায় চার মাসে তাঁরা ৫ লাখ ৩০ হাজার ডলারের বেশি অর্থ নিয়েছেন। যাঁদের নামে বিল করা হয়েছে, তাঁদের মধ্যে মৃত ও দেশের বাইরে থাকা ব্যক্তিও রয়েছেন।
গ্রেপ্তার দুজন হলেন ইয়াংসিম ওম ও তাঁর মেয়ে জুইয়ং চো। তাঁরা ফরেস্ট অ্যাভিনিউয়ের এসআই ডে কেয়ার সেন্টারের যথাক্রমে মালিক ও প্রোগ্রাম ডিরেক্টর। মঙ্গলবার (২০ অক্টোবর) তাঁদের গ্রেপ্তার করা হয়। পরদিন সংবাদ সম্মেলনে অভিযোগের বিস্তারিত জানান স্ট্যাটেন আইল্যান্ডের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মাইকেল ম্যাকমাহন।
প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে আগস্টের মধ্যে সেবা না দিয়েও অর্থ দাবি করা হয়। অন্তত ৩২ জন প্রবীণের নামে এমন সময়ে বিল জমা দেওয়া হয়েছে, যখন তাঁরা হয় মারা গেছেন, নয়তো যুক্তরাষ্ট্রের বাইরে ছিলেন। তদন্তকারীদের অভিযোগ, কেন্দ্রে উপস্থিত না হওয়া ব্যক্তিদেরও সেবা গ্রহণকারী হিসেবে দেখানো হয়েছিল।
মা-মেয়ের বিরুদ্ধে স্বাস্থ্যসেবা জালিয়াতি ও ব্যবসায়িক নথি জাল করাসহ মোট ৪৫৭টি অভিযোগ আনা হয়েছে। সবচেয়ে গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাঁদের প্রত্যেকের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। তবে অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি। গ্রেপ্তারের পর দুজনকেই ব্যক্তিগত অঙ্গীকারে মুক্তি দেওয়া হয়েছে।
অভিযুক্তদের আইনজীবীরা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের বক্তব্য, আর্থিক নথি পরীক্ষা করতে হিসাব বিশেষজ্ঞ নিয়োগ করা হয়েছে। জুইয়ং চোর আইনজীবী জানিয়েছেন, সংশ্লিষ্ট প্রতিটি ডলারের হিসাব যাচাই করবেন তাঁরা। অন্য ডে কেয়ার প্রতিষ্ঠানকে ঘিরে ওঠা অভিযোগের সঙ্গে তাঁর মক্কেলকে এক করে দেখারও বিরোধিতা করেছেন তিনি।
নিউইয়র্কজুড়ে অ্যাডাল্ট ডে কেয়ার কেন্দ্রগুলোর সম্ভাব্য মেডিকেইড জালিয়াতি নিয়ে চলমান বৃহত্তর তদন্তের মধ্যে এই গ্রেপ্তারের ঘটনা ঘটে। ব্রুকলিন ও কুইন্সের একাধিক কেন্দ্রেও অভিযান চালানো হয়েছে। এসব কেন্দ্র সাধারণত প্রবীণ ও সহায়তা প্রয়োজন এমন ব্যক্তিদের খাবার, সামাজিক কার্যক্রম এবং দিনের বেলায় পরিচর্যা দেয়। উপস্থিতি ও দেওয়া সেবার ভিত্তিতে মেডিকেইডে বিল জমা হয়।
সূত্র: গোথামিস্ট, এবিসি৭ নিউইয়র্ক