বিজ্ঞাপন
একে-৪৭ দিয়ে গুলি ছোড়ার ভিডিও ভাইরাল, বিতর্কে নারী কর্মকর্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:১৬ পিএম
বিজ্ঞাপন
একে-৪৭ রাইফেল হাতে নিয়ে আকাশের দিকে একাধিক গুলি ছোড়েন ভারতের আইপিএস কর্মকর্তা অঙ্কিতা শর্মা। ‘লেডি সিংহম’ নামে পরিচিত এই পুলিশ কর্মকর্তার গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গত মঙ্গলবার ছত্তিশগড়ের রাজনন্দগাঁও জেলার পুলিশ লাইনে বিজয়া দশমী উপলক্ষে ঐতিহ্যবাহী ‘শস্ত্রপূজা’ বা অস্ত্রপূজার আয়োজন করা হয়। সেখানে পুলিশের অস্ত্র ও যানবাহনের পূজা করা হয়। এ অনুষ্ঠানেই রাজনন্দগাঁওয়ের পুলিশ সুপার অঙ্কিতা শর্মা একে-৪৭ দিয়ে গুলি ছোড়েন।
ভিডিওতে দেখা যায়, নীল শাড়ি পরা অঙ্কিতা শর্মা কোমরে শাড়ির আঁচল গুঁজে হাতে একে-৪৭ রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি অস্ত্রটির দিকে তাকিয়ে গুলি ছোড়ার প্রস্তুতি নেন। এরপর আকাশের দিকে একাধিক গুলি ছোড়েন। ভিডিওতে তাকে অন্তত ১০টি গুলি ছুড়তে দেখা গেছে।
অঙ্কিতার পর রাজনন্দগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তন রাঠোরকেও একে-৪৭ দিয়ে গুলি ছুড়তে দেখা যায় অন্য একটি ভিডিওতে। এ ছাড়া রায়পুর, বিলাসপুর, রায়গড়, দুর্গ, কবীরধাম ও বস্তারসহ ছত্তিশগড়ের বিভিন্ন জেলার দশেরার অনুষ্ঠানে পুলিশ সদস্যদের গুলি ছোড়ার ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অঙ্কিতার গুলি ছোড়ার ভিডিও নিয়ে প্রশ্ন করা হলে রাজ্যের উপমুখ্যমন্ত্রী অরুণ সাও বলেন, সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে।
অবসরপ্রাপ্ত আইপিএস কর্মকর্তা আর কে বিজ জানান, সামরিক কাজে ব্যবহৃত রাইফেল দিয়ে গুলি ছোড়ার ক্ষেত্রে ঝুঁকি রয়েছে। এ ধরনের কাজ কেবল নিরাপদ স্থানে এবং যথাযথ সতর্কতা মেনে করা উচিত। তিনি বলেন, অস্ত্রপূজার মূল উদ্দেশ্য অস্ত্রের পূজা করা, গুলি ছোড়া নয়। এভাবে গুলি ছুড়লে দুর্ঘটনার ঝুঁকি থাকে, তাই তা এড়িয়ে চলা উচিত।
নাম প্রকাশ না করার শর্তে এক আইপিএস কর্মকর্তা পিটিআইকে জানান, ছত্তিশগড়ে শস্ত্রপূজার ঐতিহ্যের অংশ হিসেবে ফাঁকা গুলি ছোড়া হয়, যা ‘আওয়াজি কার্তুস’ নামে পরিচিত। তার দাবি, এ ধরনের অনুষ্ঠানে আসল গুলি ব্যবহার করা হয় না।
আকাশের দিকে ছোড়া গুলিও পরে মাটিতে ফিরে আসে এবং আশপাশের মানুষের আহত হওয়ার কারণ হতে পারে বলে মনে করেন এই কর্মকর্তা।
অন্যদিকে, অনেকে অস্ত্র ব্যবহারের পদ্ধতি ও নিরাপত্তাবিধি নিয়ে প্রশ্ন তুলেছেন।
অন্যদিকে, নিজেকে আইনজীবী পরিচয় দেওয়া এন কে গোস্বামী অঙ্কিতা শর্মাকে ‘আধুনিক মা দুর্গা’ বলে অভিহিত করেছেন। নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে তিনি লিখেন, নারীর ক্ষমতায়ন মানে শুধু স্লোগান দিয়ে সাজানো নয়; বরং তাদের শক্তি, দায়িত্ব, নেতৃত্ব ও কর্তৃত্বের ওপর আস্থা রাখা।
সূত্র: এনডিটিভি