Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁকর্মী ইউসুফ হ ত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ দফা অভিযোগ

Icon

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৪:০৪ এএম

নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁকর্মী ইউসুফ হ ত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ দফা অভিযোগ

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্রুকলিনে বাংলাদেশি রেস্তোরাঁকর্মী মোহাম্মদ ইউসুফ রাজুকে গুলি করে হত্যার ঘটনায় জেসাস অ্যাকোস্টা নামের এক ব্যক্তির বিরুদ্ধে ১১ দফা অভিযোগ গঠন করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর ব্রুকলিন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে প্রথম ও দ্বিতীয় ডিগ্রির হত্যা, হত্যাচেষ্টা, বেআইনি হামলা এবং ডাকাতির চেষ্টার মতো গুরুতর অপরাধ রয়েছে।

মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, গত ২২ আগস্ট রাতে ব্রুকলিনের ব্রাউনসভিল এলাকার ৮৪২ রকওয়ে অ্যাভিনিউতে অবস্থিত বাংলাদেশি মালিকানাধীন 'আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিজ্জা' নামের রেস্তোরাঁয় এই সশস্ত্র হামলার ঘটনা ঘটে। সেখানে কর্মরত ৪৪ বছর বয়সী ইউসুফকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ৩৯ বছর বয়সী রাসেল নামের অপর এক কর্মীও পায়ে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন।

নৃশংস এই হত্যাকাণ্ডের পর পুলিশি তল্লাশি শেষে গত ২৯ আগস্ট ব্রঙ্কসের একটি পার্ক থেকে অভিযুক্ত জেসাস অ্যাকোস্টাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জামিন অযোগ্য অবস্থায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চাঞ্চল্যকর এই হত্যা মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ ডিসেম্বর।

নির্মম এই হত্যাকাণ্ডের শিকার মোহাম্মদ ইউসুফ রাজুর দেশের বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগরে। উন্নত জীবনের আশায় তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেও তার স্ত্রী ও দুই সন্তান বর্তমানে বাংলাদেশেই বসবাস করছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে নিহতের পরিবারে এখন শোকের মাতম চলছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার