বিজ্ঞাপন
ব্রিটেনে আগামী এপ্রিলেই বাড়ছে পেনশন, তবে রয়েছে শর্ত…
যুক্তরাজ্য প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ এএম
বিজ্ঞাপন
যুক্তরাজ্যে ‘ট্রিপল লক’ ব্যবস্থার আওতায় রাষ্ট্রীয় পেনশনের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়তে যাচ্ছে। সর্বশেষ হিসাব অনুযায়ী আগামী বছরের এপ্রিলে এই ভাতা ৩ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে ২০১৬ সালের আগের প্রবীণ পেনশনাররা বছরে প্রায় ৩৭৪ পাউন্ড বেশি পাবেন।
অন্যদিকে ২০১৬ সালের পরের পেনশনারদের বার্ষিক আয় বাড়বে প্রায় ৪৮৯ পাউন্ড। তবে পেনশন বাড়ার সাথে সাথে অনেকের করের আওতায় পড়ার নতুন ঝুঁকি তৈরি হচ্ছে।
যুক্তরাজ্যের আইন অনুসারে মূল্যস্ফীতি, গড় মজুরি বৃদ্ধি অথবা ২ দশমিক ৫ শতাংশের মধ্যে যেটি সর্বোচ্চ, সেটির ওপর ভিত্তি করে প্রতি বছর রাষ্ট্রীয় পেনশন বাড়ানো হয়।
আজ বুধবার প্রকাশিত তথ্যে দেখা গেছে, বর্তমানে মুদ্রাস্ফীতি ৩ দশমিক ৫ শতাংশ হলেও মজুরি বৃদ্ধির হার ৩ দশমিক ৯ শতাংশে পৌঁছেছে। ফলে আগামী ২০২৭ সালের এপ্রিলে পেনশনের বৃদ্ধির হার হিসাব করতে এই মজুরি বৃদ্ধিকেই প্রধান মানদণ্ড হিসেবে ধরা হচ্ছে।
নতুন এই নিয়মের কারণে ২০১৬ সালের এপ্রিলের পর অবসরে যাওয়া নাগরিকেরা বছরে সর্বোচ্চ প্রায় ৪৮৮ পাউন্ড ৮০ পেন্স বেশি পাবেন।
তবে ২০১৬ সালের এপ্রিলের পূর্বে যারা অবসর বয়সে পৌঁছেছেন, সেই বয়োজ্যেষ্ঠ পেনশনারদের ক্ষেত্রে এই বৃদ্ধির পরিমাণ বছরে মাত্র ৩৭৪ পাউন্ডে সীমিত থাকবে। এর ফলে পুরোনো পেনশনারদের মূল সাপ্তাহিক ভাতা ১৮৪ পাউন্ড ৯০ পেন্স থেকে বেড়ে প্রায় ১৯২ পাউন্ডে দাঁড়াবে।
অর্থনৈতিক বিশ্লেষক প্রতিষ্ঠান এজে বেলের কর্মকর্তা র্যাচেল ভাহি জানান, আগামী বছর পেনশনাররা বছরে প্রায় ৫০০ পাউন্ডের কাছাকাছি অতিরিক্ত অর্থ পেতে চলেছেন। এতে করে পুরো নতুন পেনশন প্রথমবারের মতো বছরে ১৩ হাজার পাউন্ড ছাড়িয়ে যাবে, যা করমুক্ত আয়ের সীমা ১২ হাজার ৫৭০ পাউন্ডের চেয়েও বেশি।
তিনি আরও জানান, সরকার কেবল পেনশনের ওপর নির্ভরশীলদের কর মওকুফের আশ্বাস দিলেও তা কীভাবে বাস্তবায়ন করা হবে তা আগামী সপ্তাহের বাজেটে স্পষ্ট হতে হবে।
সেন্ট জেমস প্লেসের আর্থিক উপদেষ্টা ক্লেয়ার ট্রট সতর্ক করে বলেছেন, শুধু সরকারি পেনশনের ওপর থাকা ব্যক্তিরা করের আওতামুক্ত থাকলেও যাদের বেসরকারি পেনশন বা সঞ্চয় রয়েছে, তাদের ওপর করের বোঝা বাড়তে পারে। আগামী ২৮ অক্টোবরের বাজেট ঘোষণার আগে দেশটির প্রবীণদের নিজেদের অবসরকালীন আয়ের হিসাব নতুন করে পর্যালোচনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।