Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ফ্লোরিডায় পুলিশের জন্য উড়ন্ত বৈদ্যুতিক যান উন্মোচন, ব্যবহারের অনুমোদন বাকি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০২:২৩ এএম

ফ্লোরিডায় পুলিশের জন্য উড়ন্ত বৈদ্যুতিক যান উন্মোচন, ব্যবহারের অনুমোদন বাকি

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পুলিশের কাজে ব্যবহারের জন্য এক আসনের উড়ন্ত বৈদ্যুতিক যান উন্মোচন করেছে ফ্লোরিডা পলিটেকনিক ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কাজে এ ধরনের যান যুক্ত করার উদ্যোগ দেশে এটিই প্রথম। তবে নিয়মিত পুলিশি অভিযানে যানটি ব্যবহারের জন্য প্রয়োজনীয় ফেডারেল অনুমোদন এখনো পাওয়া যায়নি।

‘অ্যাস্ট্রো’ নামের যানটি জেটসন ওয়ান মডেলের বৈদ্যুতিক উড়োজাহাজ। এটি হেলিকপ্টারের মতো খাড়াভাবে ওঠানামা করতে পারে এবং একজন চালক নিয়ে উড়তে পারে। স্থানীয় সংবাদমাধ্যম ফক্স ১৩-এর তথ্য অনুযায়ী, একবারে প্রায় ২০ মিনিট আকাশে থাকতে পারে যানটি। এটি কিনতে বিশ্ববিদ্যালয়ের ব্যয় হয়েছে প্রায় দেড় লাখ ডলার।

বিশ্ববিদ্যালয়ের পুলিশপ্রধান অ্যারন মারে জানিয়েছেন, ক্যাম্পাস ও আশপাশের এলাকা পর্যবেক্ষণ, সড়কপথে পৌঁছানো কঠিন এমন স্থানে যাওয়া, ঝড়ের পর পরিস্থিতি দেখা এবং জরুরি সরঞ্জাম পৌঁছে দেওয়ার কাজে অ্যাস্ট্রোর সম্ভাবনা যাচাই করা হবে। আঞ্চলিক আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গেও সহযোগিতার পরিকল্পনা রয়েছে।

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, পুলিশি কার্যক্রমে যানটি ব্যবহারের জন্য তারা যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) অনুমোদন পাওয়ার শেষ পর্যায়ে রয়েছে। অনুমোদন কবে মিলবে, তা নিশ্চিত নয়। ফলে যানটি উন্মোচন করা হলেও পুলিশের নিয়মিত আকাশপথের টহল শুরু হয়েছে বলে ধরে নেওয়ার সুযোগ নেই।

পুলিশের পাশাপাশি অ্যাস্ট্রোকে শিক্ষার্থীদের গবেষণা ও প্রশিক্ষণেও কাজে লাগাতে চায় বিশ্ববিদ্যালয়টি। চলতি শরতে চালু হওয়া অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং কার্যক্রমের শিক্ষার্থী ও শিক্ষকেরা যানটির পরিচালনাসংক্রান্ত তথ্য নিয়ে গবেষণা এবং প্রকৌশল প্রকল্পে কাজ করার পরিকল্পনা করছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার