Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

অ্যাকাউন্টে যত খুশি টাকা তোলার সুযোগ, ৪৬ লাখ ডলার খরচ করে বিপাকে তরুণী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০২:২২ এএম

অ্যাকাউন্টে যত খুশি টাকা তোলার সুযোগ, ৪৬ লাখ ডলার খরচ করে বিপাকে তরুণী

বিজ্ঞাপন

২০১৪ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ুয়া মালয়েশিয়ান ছাত্রী ক্রিস্টিন জিয়াক্সিন লির ব্যাংক অ্যাকাউন্টে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। ওয়েস্টপ্যাক ব্যাংক ভুলবশত তার অ্যাকাউন্টে আনলিমিটেড ওভারড্রাফট বা সীমাহীন অর্থ উত্তোলনের সুবিধা দিয়ে ফেলে। বিষয়টি নজরে আসার পর ব্যাংক কর্তৃপক্ষকে না জানিয়ে এই সুযোগের পুরোপুরি সদ্ব্যবহার করেন ওই তরুণী। নিজের অ্যাকাউন্টে থাকা অপ্রত্যাশিত এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে তিনি শুরু করেন বিলাসবহুল কেনাকাটা ও রাজকীয় জীবনযাপন।

মাত্র ১১ মাসের মধ্যে ক্রিস্টিন প্রায় ৪৬ লাখ অস্ট্রেলিয়ান ডলার খরচ করে ফেলেন। নামীদামি ব্র্যান্ডের ডিজাইনার হ্যান্ডব্যাগ, বহুমূল্য গহনা, বিলাসবহুল পোশাক, বুটজুতো এবং ইলেকট্রনিক্স সামগ্রী কিনে এই বিপুল অর্থ উড়িয়েছেন তিনি। তার কেনাকাটার তালিকায় ছিল প্রায় দেড় লাখ ডলার মূল্যের একটি হার্মিস বার্কিন হ্যান্ডব্যাগ থেকে শুরু করে ডাইসন ভ্যাকুয়াম ক্লিনারের মতো দৈনন্দিন পণ্যও! অবাক করা বিষয় হলো, কেবল এক দিনেই তিনি ৩ লাখ ১০ হাজার ডলার পর্যন্ত খরচ করেছিলেন বলে জানা যায়।

অবশেষে ব্যাংকের টনক নড়লে তারা নিজেদের এই মারাত্মক ভুল বুঝতে পারে এবং তাৎক্ষণিকভাবে ক্রিস্টিনের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়। হারানো অর্থ উদ্ধারের চেষ্টায় আইনি পদক্ষেপ নেয় ব্যাংকটি। ফলস্বরূপ, ২০১৬ সালের মে মাসে সিডনি বিমানবন্দর থেকে মালয়েশিয়া যাওয়ার পথে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে ঘটনাটি পরবর্তীতে এক অভাবনীয় মোড় নেয়।

দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০১৭ সালের নভেম্বরে প্রসিকিউটররা ক্রিস্টিনের বিরুদ্ধে আনা সব ফৌজদারি অভিযোগ প্রত্যাহার করে নেন। কারণ হিসেবে উঠে আসে যে, ব্যাংক নিজেই প্রযুক্তিগত ত্রুটির কারণে তাকে এই অর্থ ব্যবহারের সুযোগ দিয়েছিল, তাই এটি সরাসরি কোনো প্রতারণা বা চুরির পর্যায়ে পড়ে না। ফৌজদারি মামলা থেকে তিনি পুরোপুরি অব্যাহতি পেলেও, খোয়া যাওয়া অর্থ উদ্ধারে ব্যাংক কর্তৃপক্ষ পরবর্তীতে দেওয়ানি বা সিভিল আদালতের মাধ্যমে আইনি লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার