Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ভুয়া শিপিং লেবেল ব্যবহার করে ১২ কোটি ৬০ লাখ ডলারের বেশি ক্ষতি, ফাহিম আকরাম আটক

Icon

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:২৬ এএম

ভুয়া শিপিং লেবেল ব্যবহার করে ১২ কোটি ৬০ লাখ ডলারের বেশি ক্ষতি, ফাহিম আকরাম আটক

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ডাক বিভাগে জাল শিপিং লেবেল ব্যবহার করে ১২ কোটি ৬০ লাখ ডলারের বেশি ক্ষতি করার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের কর্তৃপক্ষ। তাঁর নাম ফাহিম আকরাম, বয়স ৩৩ বছর। মঙ্গলবার, ২০ অক্টোবর পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি তাঁর গ্রেপ্তারের কথা জানায়। কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তা আতিফ আমির।

পাঞ্জাবের খানেওয়ালের বাসিন্দা আকরামের বিরুদ্ধে এর আগেই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্টে ফেডারেল গ্র্যান্ড জুরি অভিযোগ গঠন করে। গত ২৮ সেপ্টেম্বর মার্কিন অ্যাটর্নির কার্যালয় জানায়, তিনি ‘লেবেলসব্যাংক’ নামে একটি অননুমোদিত অনলাইন প্ল্যাটফর্ম পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে। সেটির মাধ্যমে জাল মার্কিন ডাকমাশুলের লেবেল বিক্রি করা হতো।

তদন্তকারীদের অভিযোগ অনুযায়ী, পার্সেলের ওজন, আকার কিংবা গন্তব্য বিবেচনা না করেই সাধারণত প্রতিটি লেবেল দুই ডলারে বিক্রি করা হতো। এতে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ ইউএসপিএসের নির্ধারিত মাশুলের তুলনায় অনেক কম খরচে পার্সেল পাঠানোর সুযোগ তৈরি হয়। তবে প্ল্যাটফর্মটির ইউএসপিএসের পণ্য বা সেবা বিক্রির অনুমোদন ছিল না।

মার্কিন প্রসিকিউটরদের হিসাবে, পাঁচ হাজার ২০০ জনের বেশি ক্রেতা ওই প্ল্যাটফর্ম থেকে ৫১ লাখের বেশি জাল শিপিং লেবেল কিনেছেন। এতে ডাক বিভাগের প্রাপ্য আয় হারানো এবং পার্সেল পরিবহনের খরচ মিলিয়ে ১২ কোটি ৬০ লাখ ডলারের বেশি ক্ষতি হয়েছে বলে অভিযোগ। এই অঙ্ক অভিযুক্তের আয় বা লেবেল বিক্রির মোট অর্থ নয়, বরং ইউএসপিএসের কথিত ক্ষতির হিসাব।

পাকিস্তানের তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত কার্যক্রমটি চলেছে বলে তাঁদের অনুসন্ধানে উঠে এসেছে। লেনদেনে আকরাম ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ১৬টি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের তথ্যও পাওয়া গেছে বলে দাবি তাঁদের। এসব অ্যাকাউন্টের মাধ্যমে অর্থের প্রবাহ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

মার্কিন কর্তৃপক্ষ ইতোমধ্যে আদালতের আদেশে সংশ্লিষ্ট ওয়েবসাইট বন্ধ করে ডোমেইন জব্দ করেছে। আকরামের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে প্রতারিত করা ও জাল ডাকমাশুল তৈরি ও বিক্রির ষড়যন্ত্রের একটি, জাল ডাকমাশুলের লেবেল তৈরি ও বিক্রির পাঁচটি এবং ইলেকট্রনিক যোগাযোগ ব্যবহার করে প্রতারণার চারটি অভিযোগ আনা হয়েছে। মামলাটি তদন্ত করছে ইউএস পোস্টাল ইন্সপেকশন সার্ভিসের মায়ামি বিভাগ।

আকরামকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হবে, নাকি পাকিস্তানে তাঁর বিচার হবে, তা এখনো স্পষ্ট নয়। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো আদালতে প্রমাণিত হয়নি। মার্কিন বিচার বিভাগের বিবৃতিতেও বলা হয়েছে, আদালতে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁকে নির্দোষ হিসেবে বিবেচনা করতে হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার