Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

কেমব্রিজে নতুন লাইব্রেরির পরিকল্পনা নিয়ে আইনি লড়াইয়ে নামলেন অধ্যাপক সুচিত্রা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:২৫ এএম

কেমব্রিজে নতুন লাইব্রেরির পরিকল্পনা নিয়ে আইনি লড়াইয়ে নামলেন অধ্যাপক সুচিত্রা

বিজ্ঞাপন

যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্রাইস্টস কলেজে নতুন লাইব্রেরি নির্মাণের পরিকল্পনা নিয়ে আইনি বিরোধে জড়িয়েছেন বিশ্ববিদ্যালয়টির পদার্থবিজ্ঞানের অধ্যাপক সুচিত্রা সেবাস্টিয়ান। তাঁর সংশ্লিষ্ট নাগরিক সংগঠন ক্রাইস্টস লেন অ্যাকশন গ্রুপের আপত্তি, প্রস্তাবিত ভবনটি ঐতিহাসিক এলাকার তুলনায় অতিরিক্ত বড়। অন্যদিকে কলেজ কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের জন্য আধুনিক ও সবার ব্যবহার উপযোগী লাইব্রেরি গড়ে তুলতেই প্রকল্পটি প্রয়োজন।

বিরোধের কেন্দ্রে রয়েছে কলেজের ‘লাইব্রেরি প্লাস’ প্রকল্প। এর আওতায় পুরোনো লাইব্রেরির জায়গায় নতুন ভবন, বাড়তি পড়ার জায়গা এবং সামাজিক পরিসর তৈরির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি রান্নাঘর ও সংলগ্ন স্থাপনায় সংস্কার এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের চলাচলের সুবিধা বাড়ানোর উদ্যোগও অন্তর্ভুক্ত। নকশা করেছে ডাবলিনভিত্তিক গ্রাফটন আর্কিটেক্টস।

কলেজের ব্যাখ্যা অনুযায়ী, ১৯৭০-এর দশকে নির্মিত পুরোনো লাইব্রেরি বর্তমান প্রয়োজন মেটাতে পারছে না। সেখানে প্রবেশগম্যতার সীমাবদ্ধতা রয়েছে এবং শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের পড়াশোনার জন্য পর্যাপ্ত জায়গাও নেই। নতুন ভবনে ৩০ হাজারের বেশি বই রাখার পাশাপাশি একা ও দলগতভাবে পড়ার ব্যবস্থা রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে বিরোধী সংগঠনটি জানিয়েছে, তারা নতুন লাইব্রেরি নির্মাণের বিপক্ষে নয়। তাদের আপত্তি এই নির্দিষ্ট নকশার আকার ও অবস্থান নিয়ে। ৭ অক্টোবর কাউন্সিলের বৈঠকে সুচিত্রা অভিযোগ করেন, তাঁদের উত্থাপিত বিষয়গুলোর যথাযথ সমাধান ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কাউন্সিলের নথিতেও প্রস্তাবিত ভবনের আকার এবং ঐতিহাসিক বোডলি লাইব্রেরির পরিবেশে এর প্রভাব নিয়ে আপত্তির উল্লেখ রয়েছে।

প্রকল্পটি প্রথমবার অনুমোদনের সিদ্ধান্ত নেয় কেমব্রিজ সিটি কাউন্সিলের পরিকল্পনা কমিটি, ২০২৫ সালের অক্টোবরে। সেই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া চ্যালেঞ্জ করে বিচারিক পর্যালোচনার আবেদন করে ক্রাইস্টস লেন অ্যাকশন গ্রুপ। কলেজ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিলে কাউন্সিল ও কলেজ প্রথম অনুমতি বাতিলের বিষয়ে সম্মত হয়। এরপর জুনে একই নকশায় দ্বিতীয় আবেদন জমা দেয় কলেজ।

দ্বিতীয় আবেদনটি ৭ অক্টোবর ছয় ভোটে এক ভোটের ব্যবধানে অনুমোদনের পক্ষে সিদ্ধান্ত পায়। কলেজ জানিয়েছে, নতুন আবেদনের ক্ষেত্রে আগের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে ওঠা প্রশ্নগুলো বিবেচনার সুযোগ পেয়েছে কাউন্সিল। তবে ১৩ অক্টোবর কেন্দ্রীয় সরকারের নির্দেশে চূড়ান্ত অনুমতিপত্র জারি আটকে যায়। প্রকল্পটির সিদ্ধান্ত স্থানীয় কাউন্সিল নেবে, নাকি মন্ত্রী পর্যায়ে পর্যালোচনা করা হবে, তা বিবেচনার জন্য এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানিয়েছে কেমব্রিজের সংবাদমাধ্যম ভার্সিটি।

সর্বশেষ ২০ অক্টোবরের বিবৃতিতে ক্রাইস্টস কলেজ জানিয়েছে, সেদিন হাইকোর্টের প্রক্রিয়াগত শুনানিতে প্রথম অনুমতিটি আনুষ্ঠানিকভাবে বাতিল হয়েছে। কলেজের ভাষ্য, বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ শুনানির জন্য গুরুত্বপূর্ণ জনস্বার্থ বা জাতীয় স্বার্থের প্রশ্ন রয়েছে বলে সংগঠনটির দাবি আদালত গ্রহণ করেননি। কর্তৃপক্ষ প্রকল্পটি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ থাকার কথা জানিয়েছে এবং দ্বিতীয় আবেদনের চূড়ান্ত অনুমতিপত্র জারিতে সরকারের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার