বিজ্ঞাপন
ফিলাডেলফিয়ার ‘টপ ডক্টর’ তালিকায় ষষ্ঠবার বাংলাদেশি জিয়াউদ্দিন আহমেদ
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:২৪ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া ম্যাগাজিনের ২০২৬ সালের ‘টপ ডক্টর’ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. জিয়াউদ্দিন আহমেদ। ম্যাগাজিনের চিকিৎসক পরিচিতি পাতায় নেফ্রোলজি বিভাগে তাঁর নাম রয়েছে। টেম্পল হেলথের তথ্য অনুযায়ী, ২০২১ সাল থেকে টানা ছয় বছর তিনি এই তালিকায় স্থান পেয়েছেন।
চলতি বছরের এপ্রিল মাসে প্রকাশিত তালিকায় ফিলাডেলফিয়া অঞ্চলের ৩ হাজার ৮৬ জন চিকিৎসককে অন্তর্ভুক্ত করা হয়। তাঁদের মধ্যে টেম্পল হেলথের ২৯৬ জন চিকিৎসক রয়েছেন। প্রতিষ্ঠানটির প্রকাশিত নামের তালিকাতেও জিয়াউদ্দিন আহমেদকে কিডনি রোগ বিশেষজ্ঞ হিসেবে পাওয়া গিয়েছে।
ফিলাডেলফিয়া ম্যাগাজিন জানিয়েছে, ‘টপ ডক্টর’ তালিকা তৈরিতে চিকিৎসকদের মনোনয়ন নেওয়া হয়। এরপর মনোনীত চিকিৎসকদের শিক্ষা, পেশাগত সুনাম, গবেষণা, হাসপাতাল ও শিক্ষকতার দায়িত্বসহ বিভিন্ন তথ্য যাচাই করে স্বাস্থ্যসেবা গবেষণাপ্রতিষ্ঠান ক্যাসল কনলি। এটি পাঠকদের চিকিৎসক খুঁজতে সহায়তার জন্য প্রকাশিত একটি নির্বাচিত তালিকা।
জিয়াউদ্দিন আহমেদ ফিলাডেলফিয়ার টেম্পল নেফ্রোলজিতে চিকিৎসাসেবা দেন। টেম্পল হেলথের পরিচিতি অনুযায়ী, ডায়ালাইসিস, নিয়ন্ত্রণে না আসা উচ্চ রক্তচাপ এবং গুরুতর অবস্থায় কিডনি রোগের চিকিৎসা তাঁর কাজের ক্ষেত্র। ফিলাডেলফিয়া ম্যাগাজিনের পরিচিতিতে দীর্ঘমেয়াদি কিডনি রোগ, ডায়াবেটিসজনিত কিডনি রোগ ও কিডনিতে পাথরকেও তাঁর বিশেষ দক্ষতার ক্ষেত্র হিসেবে দেখানো হয়েছে।
টেম্পল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তালিকায় তিনি লুইস কাটজ স্কুল অব মেডিসিনের মেডিসিন বিভাগের ক্লিনিক্যাল অধ্যাপক হিসেবে রয়েছেন। টেম্পল হেলথের তথ্য অনুযায়ী, তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসাবিদ্যায় ডিগ্রি অর্জন করেন এবং যুক্তরাষ্ট্রে কিডনি রোগ বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নেন।