Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ৫ অঙ্গরাজ্যে গেলেই মিলতে পারে হাজারো ডলার, এক জায়গায় ২৩ হাজার ডলারের প্যাকেজ

Icon

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৭:০৭ এএম

যুক্তরাষ্ট্রের ৫ অঙ্গরাজ্যে গেলেই মিলতে পারে হাজারো ডলার, এক জায়গায় ২৩ হাজার ডলারের প্যাকেজ

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে নতুন করে বসতি গড়ার খরচ কমাতে কয়েকটি অঙ্গরাজ্যের শহর ও স্থানীয় কর্তৃপক্ষ নতুন বাসিন্দাদের জন্য আর্থিক প্রণোদনা দিচ্ছে। এসব সুবিধার মধ্যে রয়েছে নগদ অনুদান, যৌথ কর্মস্থল ব্যবহারের সুযোগ, স্বাস্থ্য ও সুস্থতা-সংক্রান্ত সুবিধা, বিনোদনমূলক কর্মকাণ্ডে সহায়তা এবং স্থানীয় সেবায় ছাড়।

২০২৬ সালের ১ মার্চ প্রকাশিত ট্রাভেল অ্যান্ড লেইজার সাময়িকীর এক প্রতিবেদনে রেমিটলি বিজনেসের গবেষণার ভিত্তিতে এমন পাঁচটি গন্তব্যের কথা তুলে ধরা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সুবিধাগুলো পাঁচটি অঙ্গরাজ্য সরকারের সবার জন্য চালু করা অভিন্ন কর্মসূচি নয়; বিভিন্ন শহর, অঞ্চল ও পৃথক ব্যবস্থাপনায় এগুলো পরিচালিত হয়।

প্রতিবেদনে সবচেয়ে বেশি মূল্যের প্যাকেজ হিসেবে উঠে এসেছে পশ্চিম ভার্জিনিয়ার অ্যাসেন্ড ওয়েস্ট ভার্জিনিয়া কর্মসূচি। নির্বাচিত আবেদনকারীরা এখানে ১২ হাজার ডলার নগদ অর্থের পাশাপাশি বিনা মূল্যে যৌথ কর্মস্থল ব্যবহারের সুযোগ, বাইরের বিনোদনমূলক কর্মকাণ্ডের সরঞ্জাম ভাড়া এবং বিভিন্ন অভিজ্ঞতাভিত্তিক সুবিধা পেতে পারেন। সব সুবিধা মিলিয়ে প্যাকেজটির ঘোষিত মূল্য ২৩ হাজার ডলারের বেশি। তবে এর অর্থ এই নয় যে একজন আবেদনকারী সরাসরি ২৩ হাজার ডলার হাতে পাবেন।

কর্মসূচিটির সরকারি ওয়েবসাইট অনুযায়ী, যোগ্য নির্বাচিত অংশগ্রহণকারীদের ১২ হাজার ডলারের নগদ প্রণোদনা সাধারণত ২৪ মাসে মাসিক কিস্তিতে দেওয়া হয়। যোগ্যতার শর্ত পূরণ করে কর্মসূচি চলাকালে বাড়ি কিনলে অবশিষ্ট অর্থ এককালীন পাওয়ার সুযোগও থাকতে পারে। আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে, পশ্চিম ভার্জিনিয়ার বাইরে বসবাস করতে হবে এবং অঙ্গরাজ্যের বাইরের প্রতিষ্ঠানে পূর্ণকালীন দূরবর্তী কাজ করতে হবে অথবা দূর থেকে পরিচালনাযোগ্য ব্যবসা থাকতে হবে।

কর্মসূচিটির শর্ত অনুযায়ী, আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের নাগরিক অথবা বৈধ স্থায়ী বাসিন্দা হতে হবে। ফলে বাংলাদেশে বসবাসকারী কেউ কেবল এই প্রণোদনার বিজ্ঞাপন দেখে সরাসরি আবেদন করার যোগ্য হয়ে যান না।ইন্ডিয়ানার নোবলসভিল শহরও নতুন বাসিন্দাদের আকৃষ্ট করতে আর্থিক সুবিধা দিচ্ছে। প্রতিবেদনে মেকমাইমুভের মাধ্যমে পরিচালিত এ কর্মসূচির প্যাকেজের মূল্য ১৫ হাজার ডলারের বেশি বলে উল্লেখ করা হয়েছে।

এর মধ্যে রয়েছে ৫ হাজার ডলারের নগদ অনুদান, ৫০০ ডলারের স্বাস্থ্য ও সুস্থতা ভাতা, যৌথ কর্মস্থলের সদস্যপদ এবং স্থানীয় রেস্তোরাঁয় ব্যবহারের উপহার কার্ডসহ বিভিন্ন সুবিধা। প্যাকেজের মোট মূল্য নগদ অর্থের পরিমাণের সমান নয়। আগ্রহীদের আবেদন করার আগে সংশ্লিষ্ট শহর ও কর্মসূচির বর্তমান শর্ত এবং আবেদন গ্রহণের অবস্থা যাচাই করতে হবে।

ওকলাহোমার তুলসিতে রয়েছে তুলসা রিমোট কর্মসূচি। এর মাধ্যমে নির্বাচিত দূরবর্তী কর্মীরা শহরটিতে স্থানান্তরিত হয়ে বসবাস শুরু করলে ১০ হাজার ডলারের নগদ অনুদানসহ বিভিন্ন সুবিধা পেতে পারেন। কর্মসূচিটির নিজস্ব ওয়েবসাইটে নগদ অনুদানের পাশাপাশি যৌথ কর্মস্থলে তিন বছরের সদস্যপদ, সুস্থতা-সংক্রান্ত সুবিধা, স্থানীয় মানুষের সঙ্গে পরিচিত হওয়ার আয়োজন এবং শহর ঘুরে দেখার সুযোগের কথা বলা হয়েছে।

আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে, যুক্তরাষ্ট্রে কাজ করার বৈধ অনুমতি থাকতে হবে এবং ওকলাহোমার বাইরে অবস্থিত প্রতিষ্ঠানে পূর্ণকালীন দূরবর্তী চাকরি থাকতে হবে। আবেদন করার আগে অন্তত এক বছর ওকলাহোমার বাইরে বসবাস এবং অনুমোদনের পর ১২ মাসের মধ্যে তুলসিতে স্থানান্তরের শর্তও রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার