বিজ্ঞাপন
হঠাৎ নিচে নামতে শুরু করল উড়োজাহাজ, খুলে পড়ল অক্সিজেন মাস্ক আতঙ্কে যাত্রীরা
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস থেকে ফিলাডেলফিয়াগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজে মাঝ আকাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উড়োজাহাজে অস্বাভাবিক গন্ধ, যান্ত্রিক সমস্যার আশঙ্কা এবং হঠাৎ উচ্চতা কমে যাওয়ার মতো পরিস্থিতির কথা জানিয়েছেন যাত্রীরা। পরে উড়োজাহাজটি সেন্ট লুইস বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
ঘটনাটি ঘটে ২০২৬ সালের ১৭ অক্টোবর। ফ্লাইটটি উড্ডয়নের আগেই ইঞ্জিনসংক্রান্ত সমস্যার কারণে প্রায় দুই ঘণ্টা দেরি করেছিল। পরে উড্ডয়নের প্রায় ১৫ মিনিটের মধ্যে যাত্রীরা অস্বাভাবিক ঝাঁকুনি অনুভব করেন। কয়েকজন যাত্রীর বর্ণনা অনুযায়ী, অক্সিজেনের মাস্ক নেমে আসে এবং উড়োজাহাজের ভেতরে ধোঁয়া বা কুয়াশার মতো পরিস্থিতি দেখা যায়।
ঘটনার সবচেয়ে আবেগঘন দিকটি ছিল ইলিনয় অঙ্গরাজ্যের ওয়াটারলু এলাকার বাসিন্দা মার্ক ও টেসা স্প্রিংগার দম্পতির অভিজ্ঞতা। তাঁরা কাজের প্রয়োজনে পেনসিলভানিয়া যাচ্ছিলেন। মার্ক জানান, উড়োজাহাজের পেছনের দিক থেকে জোরে ঘর্ষণ ও গুনগুন শব্দ শোনা যাচ্ছিল। উড্ডয়নের পর হঠাৎ এমন ঝাঁকুনি হয়, যেন চলন্ত গাড়িতে চালক আচমকা ব্রেক কষেছেন। এরপর উড়োজাহাজটি নিচের দিকে নেমে যায় এবং অক্সিজেনের মাস্কগুলো খুলে পড়ে।
পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে টেসা তাঁর সন্তানদের কাছে বার্তা পাঠান, ‘আমাদের উড়োজাহাজে সমস্যা হয়েছে, তোমাদের ভালোবাসি।’ তিনি আশঙ্কা করেছিলেন, হয়তো আর সন্তানদের কাছে ফিরে যেতে পারবেন না। অন্য যাত্রী অলিভিয়া ক্ল্যান্সিও জানান, স্বামী ও দুই সন্তানকে নিয়ে উড়োজাহাজে থাকা অবস্থায় তিনি বুঝতে পারছিলেন কিছু একটা ঠিক নেই।
এদিকে উড়োজাহাজের পাইলট বিমানবন্দরের নিয়ন্ত্রণকক্ষকে ককপিটে ধোঁয়া বা ক্ষতিকর বাষ্পের উপস্থিতির কথা জানান এবং জরুরি অবতরণের ব্যবস্থা নিতে বলেন। নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে কথোপকথনের রেকর্ডিংয়ে পাইলটকে দ্রুত অবতরণের প্রয়োজনীয়তা জানাতে শোনা যায়। এরপর উড়োজাহাজটি সেন্ট লুইস ল্যামবার্ট আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে।
অবতরণের পর যাত্রীদের দ্রুত উড়োজাহাজ থেকে বেরিয়ে যেতে বলা হয়। মার্ক ও টেসা জানান, তাঁরা উড়োজাহাজের ডানা দিয়ে নেমে আসেন এবং অন্য যাত্রীরা একে অপরকে মাটিতে নামতে সাহায্য করেন। অন্য যাত্রীদের বর্ণনা অনুযায়ী, কর্মীরা সবাইকে ব্যক্তিগত জিনিসপত্র ফেলে দ্রুত বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। সৌভাগ্যক্রমে, এ ঘটনায় কোনো যাত্রীর আহত হওয়ার খবর জানায়নি বিমান সংস্থাটি।
আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, আমেরিকান ঈগল ফ্লাইট ৫০৮৯ উড্ডয়নের পর উড়োজাহাজে অস্বাভাবিক গন্ধের খবর পাওয়ায় সেন্ট লুইসে ফিরে আসে। উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে এবং পরীক্ষার জন্য সেটিকে পরিষেবা থেকে সরিয়ে নেওয়া হয়। যাত্রীদের অভিজ্ঞতার জন্য দুঃখ প্রকাশ করে সংস্থাটি কর্মীদের পেশাদারত্বের প্রশংসাও করেছে। ফ্লাইটটি পরিচালনা করছিল পিএসএ এয়ারলাইন্স, যা আমেরিকান এয়ারলাইন্স গোষ্ঠীর অংশ।
তবে এখন পর্যন্ত অস্বাভাবিক গন্ধের প্রকৃত কারণ নিশ্চিত করা হয়নি। বিমান চলাচল বিশেষজ্ঞ গ্যারি লেফ সম্ভাব্য একটি ব্যাখ্যা হিসেবে ইঞ্জিনের তেল উড়োজাহাজের বায়ু সরবরাহব্যবস্থায় প্রবেশ করার বিষয়টি উল্লেখ করেছেন। এমন ঘটনা ঘটলে দুর্গন্ধ, ধোঁয়া, কম্পন কিংবা যাত্রীদের অসুস্থতার মতো সমস্যা দেখা দিতে পারে। কিন্তু এটি এই নির্দিষ্ট ঘটনার নিশ্চিত কারণ নয়।