বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের নাম বদলাতে চান ট্রাম্প, নতুন নাম ‘নিউ আমেরিকা’!
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৪:১৫ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার দাবি তুলেছেন। ১৯ অক্টোবর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, রাজ্যটির নাম অবিলম্বে পরিবর্তন করা উচিত। তাঁর দাবি, নতুন নাম রাজ্যটির মর্যাদা বাড়াবে এবং বাড়ির মূল্য ও মানুষের আয় বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।
তবে এসব অর্থনৈতিক সুবিধার পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি। ট্রাম্পের এই মন্তব্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে আলোচনা তৈরি করেছে। তবে নাম পরিবর্তনের বিষয়ে তাঁর আহ্বান এখনো রাজনৈতিক বক্তব্যের পর্যায়ে রয়েছে; নিউ মেক্সিকোর নাম পরিবর্তনের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
নিউ মেক্সিকোর গভর্নর মিশেল লুজান গ্রিশাম ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠারও আগে নিউ মেক্সিকো এই নামে পরিচিত ছিল এবং ভবিষ্যতেও রাজ্যটি নিউ মেক্সিকো হিসেবেই থাকবে।
এ ছাড়া রাজ্যটির রিপাবলিকান রাজনীতিক গ্রেগ কানিংহামও বলেছেন, আইনগতভাবে নাম পরিবর্তনের প্রস্তাবটি বাস্তবায়নযোগ্য নয়। অর্থাৎ, ট্রাম্পের নিজের দলীয় শিবির থেকেও এ প্রস্তাব নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে।
নিউ মেক্সিকোর নামের ইতিহাস যুক্তরাষ্ট্রের জন্মেরও আগের। মার্কিন আদিবাসীবিষয়ক ব্যুরোর তথ্যের বরাতে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, নামটির শিকড় ষোড়শ শতাব্দী পর্যন্ত বিস্তৃত।
স্প্যানিশ অভিযাত্রীরা ১৫৬০-এর দশকে এ অঞ্চলকে ‘লা নুয়েভা মেক্সিকো’ নামে অভিহিত করেছিলেন। পরবর্তী সময়ে অঞ্চলটি স্পেনীয় শাসনের অধীনে ছিল, ১৮২১ সালে মেক্সিকোর অংশ হয় এবং ১৮৪০-এর দশকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আসে। ১৯১২ সালে নিউ মেক্সিকো যুক্তরাষ্ট্রের ৪৭তম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায়।
বর্তমানে রাজ্যটির জনসংখ্যার বড় একটি অংশ হিস্পানিক ও লাতিনো ঐতিহ্যের সঙ্গে যুক্ত। পাশাপাশি আদিবাসী জনগোষ্ঠী এবং স্প্যানিশ ভাষা ও সংস্কৃতির দীর্ঘ ঐতিহাসিক উপস্থিতিও রয়েছে। এ কারণে অনেক বাসিন্দার কাছে ‘নিউ মেক্সিকো’ শুধু একটি ভৌগোলিক নাম নয়; এটি মেক্সিকো’ শুধু একটি ভৌগোলিক নাম নয়; এটি তাঁদের পারিবারিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরিচয়ের অংশ।