বিজ্ঞাপন
যুক্তরাজ্যে ৩০০ পাউন্ড শীতকালীন ভাতা পাওয়ার সুযোগ
যুক্তরাজ্য প্রতিনিধি
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৪:০৮ এএম
বিজ্ঞাপন
যুক্তরাজ্যে যেসব পেনশনধারী স্বয়ংক্রিয়ভাবে শীতকালীন জ্বালানি ভাতা বা উইন্টার ফুয়েল পেমেন্ট পাচ্ছেন না, তাদেরকে টেলিফোনে যোগাযোগ করে দাবি করার আহ্বান জানিয়েছে দেশটির ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস বা ডিডব্লিউপি। সোমবার ১৯ অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় যোগ্য ব্যক্তিরা সর্বোচ্চ ৩০০ পাউন্ড পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়ার আবেদন করতে পারবেন।
ইংল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের যেসব পেনশনধারীর জন্ম ১৯৬০ সালের ২৭ জুনের আগে, মূলত তারাই এই সহায়তার আওতায় পড়ছেন। আগামী ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত আবেদন করার সুযোগ থাকলেও শীতের আগেই নিজ নিজ তথ্য যাচাই করে দাবি জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। তবে যাদের বার্ষিক আয় ৩৫ হাজার পাউন্ডের বেশি, তাদের প্রাপ্ত এই অর্থ কর হিসেবে স্বয়ংক্রিয়ভাবে কেটে নেবে এইচএমআরসি।
সাধারণত অধিকাংশ পেনশনধারীর ব্যাংক অ্যাকাউন্টে আগামী মাস থেকেই এই সহায়তার অর্থ স্বয়ংক্রিয়ভাবে জমা হতে শুরু করবে। তবে যারা আগে কখনো এই ভাতা পাননি কিংবা গত ভাতার পর স্টেট পেনশন স্থগিত রেখেছেন, তাদেরকে ডিডব্লিউপির ০৮০০ ৭৩১ ০১৬০ নম্বরে ফোন করে আবেদন করতে হবে।
আবেদন করার সময় ন্যাশনাল ইন্স্যুরেন্স নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এবং ২০২৬ সালের ২১ থেকে ২৭ সেপ্টেম্বরের কোয়ালিফাইং সপ্তাহের বসবাসের পরিস্থিতি জানাতে হবে।
দ্য সোলার কোম্পানির হোম এনার্জি বিশেষজ্ঞ জর্জ পেনি পেনশনধারীদের দ্রুত যোগ্যতা যাচাই করে প্রয়োজনীয় তথ্য প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছেন।
তার বিশ্লেষণ অনুযায়ী, ইংল্যান্ড ও ওয়েলসে প্রায় ১ লাখ ৫৪ হাজার প্রবীণ রয়েছেন যারা স্টেট পেনশন স্থগিত রেখেছেন এবং তাদের স্বয়ংক্রিয়ভাবে টাকা না পাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি জানান, অনেকেই হয়তো জানেন না যে তারা ভাতার যোগ্য, তাই অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে আগেই বিস্তারিত জেনে নিয়ে যোগাযোগ করা উচিত।
ডিডব্লিউপির নীতিমালা অনুযায়ী, একা বসবাসকারী যোগ্য পেনশনধারীদের মধ্যে যাদের জন্ম ১৯৪৬ সালের ২৮ সেপ্টেম্বর থেকে ১৯৬০ সালের ২৭ জুনের মধ্যে, তারা পাবেন ২০০ পাউন্ড। অন্যদিকে যাদের জন্ম ১৯৪৬ সালের ২৮ সেপ্টেম্বরের আগে, তারা সর্বোচ্চ ৩০০ পাউন্ড পর্যন্ত সহায়তা পাবেন। তবে যোগ্য অন্য কারও সঙ্গে বসবাস করলে এই সহায়তার পরিমাণে কিছুটা তারতম্য হতে পারে।
যাদের স্টেট পেনশন, পেনশন ক্রেডিট, ইউনিভার্সাল ক্রেডিট বা পিআইপির মতো সরকারি সুবিধা রয়েছে, তাদের আলাদাভাবে ফোন করার প্রয়োজন নেই। তবে যাদের মোট ব্যক্তিগত বার্ষিক আয় ৩৫ হাজার পাউন্ডের বেশি, এইচএমআরসি তাদের কাছ থেকে এই ভাতার অর্থ স্বয়ংক্রিয়ভাবে ফেরত নিয়ে নেবে বলে সতর্ক করা হয়েছে। এই পুরো আবেদন প্রক্রিয়া আগামী ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত চালু থাকবে।