Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

সৌদিতে হামলা, যুদ্ধবিমান পাঠানো নিয়ে অবস্থানস্পষ্ট করল যুক্তরাজ্য

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পিএম

সৌদিতে হামলা, যুদ্ধবিমান পাঠানো নিয়ে অবস্থানস্পষ্ট করল যুক্তরাজ্য

বিজ্ঞাপন

ইয়েমেনের হুতি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে সৌদি আরবকে রক্ষায় যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের আকাশসীমা সুরক্ষায় ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান ব্যবহার করা হবে। তবে এসব যুদ্ধবিমান হুতির ওপর হামলা চালাবে না, বরং প্রতিরক্ষামূলক দায়িত্ব পালন করবে। 

মঙ্গলবার (২০ অক্টোবর) যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘোষণা দেয় বলে জানিয়েছে আল জাজিরা।মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে আকাশপথের হামলা থেকে সুরক্ষিত রাখতে ব্রিটিশ বিমানবাহিনীর টাইফুন যুদ্ধবিমান দিয়ে আকাশ প্রতিরক্ষার অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি সৌদি আরবের বিমান অভিযানে ব্যবহৃত আকাশে জ্বালানি সরবরাহের সহায়তাও বাড়ানো হবে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেন, সৌদি আরবের ওপর হুতির ধারাবাহিক হামলা অত্যন্ত নিন্দনীয়। বিশেষ করে রিয়াদের বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করা থেকে বোঝা যায়, আঞ্চলিক উত্তেজনা বাড়াতে হুতিরা কতটা তৎপর।

তিনি আরও বলেন, সৌদি আরবের আকাশসীমা ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলা থেকে সুরক্ষিত রাখতে টাইফুন যুদ্ধবিমান দিয়ে প্রতিরক্ষামূলক অভিযান চালানো হবে। দেশটিকে সুরক্ষা দিতে যুক্তরাজ্যের বিদ্যমান সামরিক সরঞ্জাম ও সদস্যদের পাশাপাশি নতুন এই সহায়তা যুক্ত হচ্ছে।

ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা হুতি গোষ্ঠী এবং ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যে সম্প্রতি লড়াই তীব্র হয়েছে। সৌদি আরব ইয়েমেনের সরকারকে সমর্থন দিচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুতি। এসব হামলার মধ্যে রিয়াদের প্রধান বিমানবন্দরকে লক্ষ্য করে হামলাও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, ইয়েমেনের সরকারকে সমর্থন দেয়া সৌদি নেতৃত্বাধীন জোটও দেশটিতে হুতির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।

এ পরিস্থিতিতে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষায় যুক্তরাজ্যের সামরিক সহায়তা বাড়ানোর ঘোষণা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার