বিজ্ঞাপন
কাবার ভাইরাল ভিডিওটি কি বাংলাদেশিদের? যা জানা গেল
সৌদি আরব প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পিএম
বিজ্ঞাপন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার সঙ্গে সম্প্রতি অনলাইনে ভাইরাল হওয়া একটি ভিডিওকে জড়িয়ে প্রচার করা হচ্ছে।
তবে ভিডিওটি ‘বিভ্রান্তিকর’ বলে জানিয়েছে একটি গণমাধ্যম ও সংবাদ সংস্থা, যারা নিয়মিত মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদসংক্রান্ত তথ্য প্রকাশ করে। মঙ্গলবার সংস্থাটি এ তথ্য জানায়।
গত ১৪ অক্টোবর, বুধবার, মক্কার একটি মসজিদে অশালীন কর্মকাণ্ডের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি কর্তৃপক্ষ।
এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ঘটনার বিস্তারিত জানানো হয়নি। এমনকি কোন মসজিদে ওই ঘটনা ঘটেছিল, তাও উল্লেখ করা হয়নি।
তবে বিবৃতিতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়েছে নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। মসজিদের পবিত্রতা ক্ষুণ্ন করা কিংবা অন্যের সম্মানহানিকর অপরাধের বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামী আইন প্রয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সৌদি কর্তৃপক্ষ।
মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশের পর কাবার পূর্ব কোণে অবস্থিত এবং মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র হিসেবে বিবেচিত হাজরে আসওয়াদের কাছে এক নারী ও পুরুষের একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির বিভিন্ন ক্যাপশনে দাবি করা হয়, এটি ওই দুই বাংলাদেশির কথিত অশালীন কর্মকাণ্ডের দৃশ্য।
তবে পবিত্র দুই মসজিদসংক্রান্ত তথ্য প্রকাশকারী ‘দ্য হলি মস্কস’ নামের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট জানায়, ‘এই দাবির সঙ্গে যে ভিডিওটি ছড়ানো হচ্ছে, তা মিথ্যা এবং তাদের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার কোনো প্রমাণ নয়।’
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।