বিজ্ঞাপন
১৫ বিশ্ববিদ্যালয় ফিরিয়ে দিয়েছিল জ্যাকেরকে, তারই অ্যাপে বর্তমানে আয় ৩০ মিলিয়ন ডলার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পিএম
বিজ্ঞাপন
১৮টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে ১৫টি থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন মার্কিন তরুণ উদ্যোক্তা জ্যাক ইয়াদেগারি। এবার ১৯ বছর বয়সে নিজের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান পারসোনার জন্য এক কোটি ডলার বিনিয়োগ সংগ্রহ করেছেন তিনি। এই বিনিয়োগ পর্বে নেতৃত্ব দিয়েছে ভাইন ভেঞ্চারস। অংশ নিয়েছেন জেড ফেলোসের প্রতিষ্ঠাতা কোরি লেভি ও বিনিয়োগ প্রতিষ্ঠান কালেকটিভ গ্লোবালও।
ইন্ডিয়ান এক্সপ্রেসের ১১ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্কের লং আইল্যান্ডে বেড়ে ওঠা জ্যাক সাত বছর বয়সে কম্পিউটার প্রোগ্রামিং শেখা শুরু করেন। স্কুলে পড়ার সময়ই ব্যবসায়িক উদ্যোগ গড়ে তোলেন। তাঁর আগের উদ্যোগগুলোর একটি ছিল শিক্ষার্থীদের জন্য গেম খেলার ওয়েবসাইট, যা তিনি ১৬ বছর বয়সে প্রায় এক লাখ ডলারে বিক্রি করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০২৫ সালের এপ্রিলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফলাফল প্রকাশ করে আলোচনায় আসেন জ্যাক। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেড পয়েন্ট গড় ছিল ৪ এবং এসিটি পরীক্ষায় স্কোর ছিল ৩৪। তবু হার্ভার্ড, ইয়েল ও স্ট্যানফোর্ডসহ পছন্দের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে সুযোগ পাননি। তবে বিশ্ববিদ্যালয়ে পড়ার পথ বন্ধ হয়নি তাঁর। পরে ইউনিভার্সিটি অব মায়ামিতে ভর্তি হন তিনি।
জ্যাকের পরিচিতি বাড়ায় ক্যালরি হিসাবের অ্যাপ ক্যাল এআই। ২০২৪ সালে চালু হওয়া অ্যাপটিতে খাবারের ছবি দিয়ে আনুমানিক ক্যালরি ও পুষ্টির তথ্য জানা যায়। মাইফিটনেসপ্যালের দেওয়া তথ্যের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, দুই বছরের মধ্যে অ্যাপটির ডাউনলোড দেড় কোটি ছাড়ায় এবং বার্ষিক আয় তিন কোটি ডলারের বেশি হয়।
২০২৬ সালের মার্চে ক্যাল এআই অধিগ্রহণের ঘোষণা আসে মাইফিটনেসপ্যালের পক্ষ থেকে। লেনদেনের অর্থমূল্য প্রকাশ করা হয়নি। অধিগ্রহণের পর কিছুদিন সেখানে কাজ করলেও জুনে প্রতিষ্ঠানটি ছেড়ে নতুন উদ্যোগে মনোযোগ দেন জ্যাক।
তাঁর নতুন প্রতিষ্ঠান পারসোনা ব্যক্তিগত ডিজিটাল সহকারী তৈরি করছে। প্রাথমিকভাবে আইমেসেজের মাধ্যমে বিনা মূল্যে পরীক্ষামূলক সেবা চালুর পাশাপাশি ১৭৯ ডলারের হাতে পরার একটি ব্যান্ড আনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।