Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতার জন্য ট্রাম্প ও ইরান যুদ্ধ দায়ী করলেন প্রেসিডেন্ট মাক্রোঁ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৪:২২ পিএম

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতার জন্য ট্রাম্প ও ইরান যুদ্ধ দায়ী করলেন প্রেসিডেন্ট মাক্রোঁ

বিজ্ঞাপন

ফ্রান্সে বিক্ষোভের মধ্যে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের জন্য কট্টর বামপন্থী গোষ্ঠী এবং অপরাধীদের দায়ী করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। রোববার ১৮ অক্টোবর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেছেন, সহিংসতায় জড়িতদের জবাবদিহির আওতায় আনা হবে। একই সঙ্গে জীবনযাত্রার ব্যয় ও শিক্ষাব্যবস্থা নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের দাবির যৌক্তিকতা স্বীকার করেন তিনি।

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, মাক্রোঁ অভিযোগ করেন, কট্টর বামপন্থী গোষ্ঠীর সদস্যদের সঙ্গে অপরাধীরা যুক্ত হয়ে পুলিশ ও সরকারি স্থাপনায় হামলা চালিয়েছে। লুটপাটকারীদের ক্ষতির দায় বহন করতে হবে এবং প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার চেষ্টায় জড়িতদের জবাব দিতে হবে বলে জানান তিনি।

ভাষণে শান্তিপূর্ণ আন্দোলন ও সহিংসতাকে আলাদা করে দেখার ওপর জোর দেন ফরাসি প্রেসিডেন্ট। তাঁর বক্তব্য অনুযায়ী, জ্বালানির দাম বেড়ে যাওয়ায় অনেক মানুষের ক্ষোভ যৌক্তিক। পারস্য উপসাগরের যুদ্ধের কারণে এই মূল্যবৃদ্ধি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ফ্রান্স ওই যুদ্ধে অংশ নেয়নি। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনেও তাঁর বক্তব্যের এই অংশ উঠে এসেছে।

মার্কিন সংবাদমাধ্যম টাউনহল তাদের প্রতিবেদনে এই বক্তব্যকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে দায় ঠেলে দেওয়া হিসেবে উপস্থাপন করেছে। তবে সংবাদমাধ্যমটির উদ্ধৃত বক্তব্যে মাক্রোঁ সরাসরি ট্রাম্পের নাম বলেননি। সেখানে তিনি জ্বালানির দাম বৃদ্ধির সঙ্গে উপসাগরীয় যুদ্ধের সম্পর্ক তুলে ধরেছেন, আর সহিংসতার জন্য দায়ী করেছেন কট্টর বামপন্থী গোষ্ঠী ও অপরাধীদের।

শিক্ষাপ্রতিষ্ঠানের দুরবস্থা ও জীবনযাত্রার বাড়তি ব্যয়ের প্রতিবাদে শনিবার ১৭ অক্টোবর ফ্রান্সজুড়ে বিপুলসংখ্যক মানুষ রাস্তায় নামেন। শান্তিপূর্ণ মিছিলের পাশাপাশি কয়েকটি শহরে সহিংসতা ছড়িয়ে পড়ে। সপ্তাহান্তে প্রায় ২ হাজার ৪০০ মানুষকে গ্রেপ্তার করা হয় এবং বহু ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত বা লুটপাটের শিকার হয় বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস।

সরকারের প্রস্তুতি ও পরিস্থিতি সামাল দেওয়ার পদ্ধতি নিয়েও সমালোচনা উঠেছে। বামপন্থী নেতা জ্যঁ লুক মেলঁশোঁ অভিযোগ করেছেন, প্রশাসনিক ব্যবস্থাপনার ব্যর্থতা বিশৃঙ্খলার সুযোগ তৈরি করেছে। প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু সেই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, সহিংসতার দায় পুলিশের নেতৃত্বের ওপর চাপানো দায়িত্বের বিপজ্জনক উল্টো ব্যাখ্যা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার